হাতে কাজ নেই, বেকার সময় কাটাচ্ছেন দিঘী

অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘী। তবে দিঘী নামেই তিনি সমধিক পরিচিত। তারকা জুটি প্রয়াত চিত্রনায়িকা দোয়েল ও চিত্রনায়ক সুব্রত বড়ুয়ার মেয়ে তিনি। তবে ছোট্ট বয়সে একটি বিজ্ঞাপনের সংলাপ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। এরপর শিশুশিল্পী হিসেবেই সিনে জগতে অভিষেক হয় তার। সেই ছোট্ট দিঘী এখন পুরোদস্তুর নায়িকা। ইতোমধ্যে বেশ কয়েকটি সিনেমা এবং ওয়েব সিরিজে কাজ করেছেন।

নায়িকা হিসেবে অভিষেক হওয়ার পর এ পর্যন্ত ৪টি সিনেমা মুক্তি পেয়েছে দিঘীর। তবে আশানুরূপ আলোচনা বা ব্যবসা কোনোটাই এ নায়িকার কপালে জোটেনি। সাম্প্রতিক সময়ে নতুন সিনেমার কাজ পেতে হিমসিম খাচ্ছেন বলে শোবিজে জোর গুঞ্জন।

তবে বর্তমান সময়ে কী করছেন দিঘী? ব্যস্ততা নিয়ে এ অভিনেত্রী বলেন, ‘সত্যি কথা বলতে, বর্তমানে হাতে তেমন কোনো কাজ নেই। অনেকটাই ফ্রি সময় কাটাচ্ছি। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেক সময় পার করছি। বলা চলে এক ধরনের অলস সময় পার করছি।’

খানিকটা সিদ্ধান্তহীনতায় ভুগছেন এ অভিনেত্রী। জানালেন, ছোটবেলা থেকেই শুটিং করে আসছি। এখন লাইট ক্যামেরা অ্যাকশন ছাড়া কীভাবে সময় কাটবে- বুঝতে পারছি না। এ ছাড়া চলতি মাসে আরও কিছু কাজ করার কথা রয়েছে। অনেকগুলো স্টেজ শোতে অংশ নেওয়ারও কথা। সেগুলোও একের পর এক বন্ধ ঘোষণা করা হচ্ছে। এ ছাড়া অচিরেই নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেলিং করার কথা। যদি এটাও পিছিয়ে যায় হরতাল-অবরোধের কারণে- তাহলে বলেন কী করব! সবাই এখন সিদ্ধান্তহীনতায় ভুগছেন। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।

কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন কি না প্রশ্নের জবাবে এ অভিনেত্রী জানান, মাঝখানে ‘জুয়া’ নামের ছবির কাজ করেছি। এই ছবিতে আমার বিপরীতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস। এ ছাড়াও হাতে আছে দুটি ওটিটির কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *