আমি ঢাবি থেকে মাস্টার্স করেছি, কিন্তু শাকিব এত শিক্ষিত নন: জায়েদ খান

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় নানা কারণেই সমালোচনার মুখে পড়েন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। যা নিয়ে নানা মাধ্যমে অনেক কথা হয়। কখনো কখনো সোশ্যালে ট্রলও হয়। এবার তিনি মন্তব্য করলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে।

সম্প্রতি একটি সেলিব্রেটি শো’তে হাজির হয়ে চিত্রনায়ক শাকিব খানকে প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘জায়েদ ও শাকিবের মাঝে দু’টি গুনের পার্থক্য হচ্ছে- আমি অনেক শিক্ষিত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি। অন্যদিকে শাকিব খান এত শিক্ষিত নন। তবে শাকিব খান আমার চেয়ে খুব ভালো অভিনেতা। যেটা আমার মাঝে নাই।’

এসময় চিত্রনায়িকা শবনম বুবলীর পক্ষ নিয়েও মন্তব্য করেছেন জায়েদ খান। এক প্রশ্নের জবাবে বুবলী প্রসঙ্গে এই নায়ক বলেন, ‘বুবলীর সঙ্গে আমার তেমন পরিচয় নেই। তাই তার সম্পর্কে ধারণা কম। তবে সে প্রায়ই দাবি করে তাকে নিয়ে ষড়যন্ত্র হয়। আমার খুব জানার ইচ্ছা, বুবলীকে নিয়ে কেন এত ষড়যন্ত্র হয়। বিষয়টি এমন, বুবলী মানেই যেন ষড়যন্ত্রের শিকার।’

তিনি আরও বলেন, ‘সমালোচনাকারী না থাকলে আমি কি এত জনপ্রিয়তা পেতাম? কখনোই পেতাম না। ভালো কথা কেউ শুনে না এবং দেখে না। ভালো কথা কখনো ভাইরালও হয় না। নেতিবাচক প্রচারণা ছাড়া তারকা হওয়া খুব কঠিন। সমালোচনা আমার কাছে ভালোই লাগে। এতে খারাপ লাগে না। কখনো মন খারাপও হয় না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *