আমাকে যোগ্য মনে করে নৌকার কান্ডারি করা হয়েছে: ফেরদৌস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী রীগের ‘নৌকা’ প্রতীকে ভোট করতে চূড়ান্ত সুবজ সংকেত পেয়েছেন দেশের বিনোদন জগতের তিন তারকা।

তাদের মধ্যে অভিনেতা আসাদুজ্জামান নূর ও সঙ্গীতশিল্পী মমতাজ বেগমের এর আগে সংসদে যাওয়ার অভিজ্ঞতা থাকলেও প্রথমবারের মতো ভোট করতে যাচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

রোববার দলীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭টিতে চূড়ান্ত প্রার্থীদের নাম প্রকাশ করে আওয়ামী লীগ।

বেশ কিছুদিন থেকে রাজনীতির মাঠে সরব চিত্রনায়ক ফেরদৌসকে ঢাকা-১০ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এফবিসিসিআই এর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বর্তমানে এ আসনের সংসদ সদস্য।

মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজের অনুভূতি প্রকাশ করেছেন ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত নায়ক ফেরদৌস।

তিনি বলেন, এখনও বিশ্বাস হচ্ছে না। আমার হার্টবিট চলছে। আজকে অবিশ্বাস্য একটি ঘটনা ঘটে গেছে। প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে, বিশ্বাস রেখে আমাকে নৌকার কান্ডারি করেছেন। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব প্রধানমন্ত্রীর আস্থা রাখার।

কৃতজ্ঞতা জানিয়ে ফেরদৌস বলেন, আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দিয়েছেন। এজন্য তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। অনেক ভালো লাগছে, নৌকা প্রতীকের দায়িত্ব পাওয়া অবশ্যই অনেক গৌরবের।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী ফেরদৌস বলেন, আমি প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় কাজ করতে চাই। আমার নিজেরও কিছু পরিকল্পনা রয়েছে। আমি যদি জয়ী হতে পারি তাহলে সেগুলো বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি চলচ্চিত্র শিল্প নিয়েও কিছু পরিকল্পনা রয়েছে। আর রুটিন কাজের বাইরে শিক্ষা নিয়েও আমি কাজ করতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *