তানজিন তিশা ইস্যুতে এবার মুখ খুললেন অপু বিশ্বাস

গত কয়েকদিন ধরে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ইস্যুতে উত্তাল মিডিয়া জগৎ। সম্প্রতি এক সাংবাদিককে তিশার হুমকি ও পরে ওই সাংবাদিকের বিরুদ্ধে ডিবি অফিসে গিয়ে অভিযোগকে কেন্দ্র করে তিশার বিরুদ্ধে রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিকরা। এবার এই বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বললেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) তিনি বলেন, আমার মনে হয় দু’জনের কথোপকথনের মধ্যে কোথাও বড় কোনো গ্যাপ থাকলে, সেটি সিনিয়র সাংবাদিকদের সঙ্গে কথা বলে সমাধান করা যেত।

অপু বিশ্বাস বলেন, বিনোদন সাংবাদিক তামিমকে নিয়ে যেসব কথা হচ্ছে, আমি যতটা জানি সে একজন সুইট মানুষ ও ভালো ব্যক্তিত্বসম্পন্ন সাংবাদিক। এদিকে, তিশাও আমার অনেক পছন্দের একজন অভিনেত্রী। আমার মনে হয়, ওদের দু’জনের কথোপকথনে কোথাও হয়তো গ্যাপ ছিল। বিষয়টা এতদূর না গিয়ে, তিশা যেহেতু একজন নারী, আর নারীকে সব জায়গায় প্রমাণ তুলে ধরা ঠিক না।

ঢালিউড কুইনের ভাষ্য, দু’জনের কথোপকথনে কোনো গ্যাপ থাকলে বিষয়টি সিনিয়র সাংবাদিকদের সঙ্গে কথা বলে মিটিয়ে ফেলা যেত। এটাকে সামনে এনে সাংবাদিক ও আর্টিস্টদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে।

ছোটপর্দার অভিনেত্রী তিশার উদ্দেশে এ নায়িকা বলেন, কোনো তথ্য ছড়ানো বা তা সাংবাদিকদের কাছে গেলে, সেটির সত্যতা যাচাই করে প্রচার করার যথেষ্ট অধিকার রয়েছে সাংবাদিকদের। এটি সাংবাদিকতার নৈতিক বিষয়। এ নিয়ে বাড়াবাড়ি ঠিক না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *