গ্রেফতারকৃতদের মুক্তি দিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিলেন মামুনুল হক

নজর২৪, ঢাকা- হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের চট্টগ্রাম সফর প্রতিহতের ঘোষণা দেয় ছাত্রলীগ-যুবলীগ।

 

এই ঘোষণার পর আজ শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইট থেকে মিছিল বের করে হেফাজতে ইসলামের বেশ কয়েকজন অনুসারী।

 

এতে পুলিশ বাধা দিলে সেখানে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে কাকরাইলে পুলিশ লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এতে মিছিল পণ্ড হয়ে যায়।

 

এসময় অর্ধশত তৌহিদী জনতাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন আল্লামা মামুনুল হক। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদের মুক্তি না দিলে সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

 

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে তার ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে তিনি এ আল্টিমেটাম দেন।

 

আল্লামা মামুনুল হক বলেন, শিরকের প্রতীক মূর্তির বিরুদ্ধে কথা বলায় আমি যখন জুলুমের শিকার, এক মজলুমের পক্ষে দাড়াতে হাজারো তৌহিদী জনতা রাজপথে নেমেছে৷ তাদের এ বিক্ষোভ ছিল তাওহিদী চেতনার বহিঃপ্রকাশ৷ ছিল একত্ববাদ প্রতিষ্ঠা ও শিরকের প্রতীকের বিরুদ্ধে ক্ষোভ জানানোর কর্মসূচি৷ এই সাহসী জনতাকে সশ্রদ্ধ সালাম! তাদের উপর নির্মম লাঠিচার্জ ও নি’র্যা’ত’নের দৃশ্য জাতি দেখেছে ৷

 

এই আলেম আরও লিখেছেন, বিক্ষোভকারী প্রায় অর্ধশত তৌহিদী জনতাকে গ্রেফতার করা হয়েছে ৷ ২৪ ঘন্টার মধ্যে তাদের মুক্তি না দিলে বিক্ষোভ সারাদেশে ছড়িয়ে পড়তে পারে। এক জুলুমের প্রতিবাদে হাজার মানুষের বিক্ষোভ হলে পরবর্তী জুলুমের প্রতিবাদে লক্ষ জনতার বাঁধভাঙ্গা বিক্ষোভ নেমে আসবে রাজপথে এটাই স্বাভাবিক। দায়িত্বশীল মহলের যথাযথ পদক্ষেপ এর প্রতীক্ষায় রইলাম।

 

আজ শুক্রবার রাতে চট্টগ্রামের হাটহাজারী পার্বতী হাই স্কুল মাঠে ইসলামী সংগঠন আল আমিন সংস্থার উদ্যোগে আয়োজিত মাহফিলে বক্তব্য রাখার কথা রয়েছে তার। তবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মাহফিল স্থলে আসেননি মাওলানা মামুনুল হক।

 

এদিন মাগরিবের নামাজের পর হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে এসে পৌঁছান হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী। পরে তিনি বয়ান শুরু করেন।

 

জুনায়েদ বাবুনগরী তার বক্তব্যে বলেন, কোনো সরকারের বিরুদ্ধে নয়, কোনো দলের বিরুদ্ধে নয়, আমাদের প্রতিবাদ ইসলাম বিরোধীদের বিরুদ্ধে। ইসলাম রক্ষায় আমাদের প্রতিবাদ চলবে।

 

উল্লেখ্য, চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকার বিএমএ মিলনায়তনে ধোলাইর পাড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনে বিরোধীতা করে বক্তব্য দিয়ে দেশব্যাপী আলোচনা-সমালোচনার জন্ম দেন মামুনুল। এই বক্তব্যকে কেন্দ্র করে চট্টগ্রামে মামুনুল হককে অবাঞ্চিত ঘোষণা করার পাশাপাশি শুক্রবার তাকে প্রতিহত করার কথা জানান চট্টগ্রামের যুবলীগ ও ছাত্রলীগের নেতারা।

 

মামুনুলকে রুখতে শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে চট্টগ্রাম বিমানবন্দরের প্রবেশমুখে সড়কের ওপর অবস্থান নেন যুবলীগের নেতা-কর্মীরা। নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চু এতে নেতৃত্ব দেন। পতেঙ্গা এলাকায় অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *