নজর২৪ ডেস্ক- কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন আল আমিন সংস্থা আয়োজিত মাহফিলে এসে বয়ান করেছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী।
শুক্রবার (২৭ নভেম্বর) মাগরিবের নামাজের পর হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে এসে পৌঁছান বাবুনগরী। পরে তিনি বয়ান শুরু করেন।
জুনায়েদ বাবুনগরী তার বক্তব্যে বলেন, কোনো সরকারের বিরুদ্ধে নয়, কোনো দলের বিরুদ্ধে নয়, আমাদের প্রতিবাদ ইসলাম বিরোধীদের বিরুদ্ধে। ইসলাম রক্ষায় আমাদের প্রতিবাদ চলবে।
এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে অংশ নেওয়ার কথা থাকলেও সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মাহফিল স্থলে আসেননি মাওলানা মামুনুল হক।
চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকার বিএমএ মিলনায়তনে ধোলাইর পাড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনে বিরোধীতা করে বক্তব্য দিয়ে দেশব্যাপী আলোচনা-সমালোচনার জন্ম দেন মামুনুল। এই বক্তব্যকে কেন্দ্র করে চট্টগ্রামে মামুনুল হককে অবাঞ্চিত ঘোষণা করার পাশাপাশি শুক্রবার তাকে প্রতিহত করার কথা জানান চট্টগ্রামের যুবলীগ ও ছাত্রলীগের নেতারা।
মামুনুলকে রুখতে শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে চট্টগ্রাম বিমানবন্দরের প্রবেশমুখে সড়কের ওপর অবস্থান নেন যুবলীগের নেতা-কর্মীরা। নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চু এতে নেতৃত্ব দেন। পতেঙ্গা এলাকায় অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
মামুনুল হকের সমাবেশ নিয়ে বিতর্কের বিষয়ে হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের অবস্থান সম্পর্কে জানতে চাইলে গত কয়েকদিন ধরে জ্বর সর্দিতে ভুগছেন জানিয়ে হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, ‘আমি অসুস্থ, গত কয়েকদিন ধরে জ্বর কাশি। তবু গত তিন দিন থেকে এটা নিয়ে এই জ্বরের মধ্যেও… হেফাজতের আমির, আল আমিন সংস্থা সবাই একটা কমিটমেন্ট দিসে ভাস্কর্য নিয়ে কোন বক্তব্য রাখবে না।’
এদিকে মাহফিলে মামুনুল হকের বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দিনভর যে উত্তেজনা ছিল সেটিকে ‘সামান্য’ উল্লেখ করে বলেন, ‘যেরকম ঝামেলা হবে আশঙ্কা করছিলাম তার তুলনায় সামান্য ঝামেলা হইছে। আমাদের নেতাকর্মীরা তিনটা জায়গায় পজিশন নিছে। এক জায়গায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, এক জায়গায় হাটহাজারী যুবলীগ, আরেক জায়গায় হাটহাজারী ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ— তিনটা জায়গায় পজিশন করাইছে আরকি। কিন্তু এর মধ্যে কিন্তু মামুনুল হক ওরা আগেই চলে আসছে আর কি। ওরা বোধহয় রাতেই চলে আসছে।’
