সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দাওয়াহ বিভাগের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতদের কাছ থেকে বোমা তৈরির বিস্ফোরক, গুলি, ওয়ান শুটার গান, জঙ্গি পুস্তক ও লিফলেট উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বগুড়ার পুলিশ সুপার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১২টার পর বগুড়া সদরের বাঘোপাড়া উত্তরপাড়া জামে মসজিদের দক্ষিণ পাশ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- কুমিল্লা জেলার বি-পাড়া থানার সিদলাই উত্তরপড়া গ্রামের হাকিম সরকার ওরফে জজ মিয়ার ছেলে ইকবাল হোসেন সরকার (৪০) ও একই জেলার দেবিদ্বার থানার ভৈষরকুট গ্রামের শহিদুর রহমানের ছেলে জায়েদুর রহমান ওরফে আব্দুল্লাহ (৩৮)। তারা দুজনেই জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর দাওয়াহ বিভাগের সক্রিয় সদস্য।
জানা গেছে, গ্রেফতারকৃত দুই জঙ্গি সদস্য তাদের সংগঠনের দাওয়াতি কার্যক্রম ও অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন জেলা সফরের অংশ হিসেবে বগুড়ায় আসে। তারা রাত্রী যাপনের জন্য সেখানে গেলে পুলিশের কাছে সংবাদ আসে। এরপর গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে পৌঁছে মসজিদ ঘিরে ফেলে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের গ্রেফতার করে। পরে তাদের কাছে থাকা ব্যাগ থেকে ১টি ওয়ান শুটারগান, ০২ রাউন্ড গুলি, বোমা তৈরির বিস্ফোরক ৪৭৫ গ্রাম, ১টি চাপাতি, ২৫টি জঙ্গি বই এবং ৫০টি লিফলেট উদ্ধার করা হয়।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব কথা জানিয়েছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দুই জন জানান, তারা গত ৫ বছর ধরে জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের দাওয়াহ বিভাগের কার্যক্রম চালাচ্ছেন। ইতিমধ্যে তারা দেশের ১৪ টি জেলা সফর করেছেন। তারা সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য অর্থ সংগ্রহ করছিলেন। গ্রেফতারকৃতদের নামে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
