মামুনুল হককে ঠেকাতে চবি ছাত্রলীগের সড়ক অবরোধ, পুলিশের বাধায় পণ্ড

নজর২৪ ডেস্ক- হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে প্রতিরোধের বিষয়ে কেন্দ্রের নির্দেশকে পাশ কাটিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইটে অবস্থান নেওয়া ছাত্রলীগ নেতাকর্মীদের সরিয়ে দিয়েছে পুলিশ।

 

শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১২টার দিকে চবি এক নম্বর গেইট এলাকায় চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কে বিশ্ববিদালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রোবেলের নেতৃত্বে সড়ক অবরোধ করে ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় তারা টায়ার জ্বালিয়ে সড়কে ব্যারিকেড দেয়।

 

তবে কিছুক্ষণের মধ্যেই হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম ও ওসি রফিকুল ইসলাম উপস্থিত হয়ে ছাত্রলীগের নেতা কর্মীদের সরিয়ে দেয় পুলিশ।

 

শুক্রবার (২৭ নভেম্বর) মাওলানা মামুনুল হক হাটহাজারি পার্বতী স্কুল মাঠে এক ওয়াজ মাহফিলে আমন্ত্রিত ছিলেন। সন্ধ্যা সোয়া পাঁচটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ওই মাহফিলে পৌঁছাননি।

 

অবরোধের বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, বিতর্কিত বক্তা মামুনুল হককে হাটহাজারিতে প্রতিরোধ করতে সড়কে অবস্থান নিয়েছি। কোনো ভাবেই বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তিকারীকে ছাড় দেওয়া হবে না।

 

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, কিছু ছেলে সড়ক অবরোধ করেছিল। তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

প্রসঙ্গত, সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। শুক্রবার হাটহাজারীর পার্বতী হাই স্কুল মাঠে একটি তাফসিরুল কোরআন মাহফিলে যোগ দেয়ার কথা রয়েছে তার।

 

এদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সমাবেশ করে মাওলানা মামুনুল হককে ‘কোনো ভাবেই’ চট্টগ্রামে ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছিল চট্টগ্রামের ছাত্রলীগ নেতাকর্মীরা। চট্টগ্রাম নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল এ ঘোষণা দেয় তাদের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকেও।

 

পরে বৃহস্পতিবার রাতেই কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে চট্টগ্রামের ইউনিট পর্যায়ের শীর্ষ নেতাদের মামুনুল হকের মাহফিলকে কেন্দ্র করে নেওয়া সব কর্মসূচি স্থগিত করতে নির্দেশ দেওয়া হয়।

 

এদিকে কর্মসূচি স্থগিতে কেন্দ্রের নির্দেশ থাকলেও ‘মুখ রক্ষার’ খাতিরে চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়ার চেষ্টা করেছে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা। সুত্রঃ চট্রগ্রাম প্রতিদিন

 

এর আগের সংবাদ পড়ুন-

কেন্দ্রের কড়া নির্দেশ: মামুনুল হককে বাধা দেবে না চট্টগ্রামের ছাত্রলীগ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *