নজর২৪, চট্রগ্রাম- বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণের দাবিকারী হেফাজত ইসলামের নেতা বিতর্কিত বক্তা মামুনুল হক’কে প্রতিহত করার ডাক দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক নম্বর গেইটে (হাটহাজারী যাওয়ার প্রধান রাস্তা) অবস্থান নেওয়ার কথা চবি ছাত্রলীগের।
এদিন সন্ধ্যায় হাটহাজারীতে এক মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা এবং হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকের। এরই প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে তাকে প্রতিহত ও বিতাড়িত করার ডাক দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাত আটটার দিকে ক্যাম্পাসের জিরো পয়েন্টে মামুনুল হকের কুশপুত্তলিকা দাহ করে ছাত্রলীগ। এসময় উপস্থিত শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী দ্রুত মামুনুল হকের গ্রেফতার দাবি করেন৷
এ ব্যাপারে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপ বলেন, “বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটূক্তিকারী, জঙ্গি মদদদাতা হেফাজত নেতা মামুনুল হককে কিছুতেই চবি ক্যাম্পাসের সামনে দিয়ে যেতে দেব না। আমরা বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইট দিয়ে তার গাড়ি হাটহাজারী যেতে দেব না। যেকোনো উপায়ে তাকে ঠেকানো হবে। ছাত্রলীগকর্মীদের প্রস্তুত থাকতে বলেছি।”
শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, “যেই বঙ্গবন্ধুর জন্য আমরা বাংলাদেশ পেয়েছি, সেই বঙ্গবন্ধুকে অবমাননাকারী মামুনুল হককে বার আউলিয়ার চট্টগ্রাম কখনো মেনে নিবে না। শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই মামুনুল হকের জামাতি প্রেতাত্মার এজেন্ডা বাস্তবায়ন করতে দেব না।”
এসময় উপস্থিত শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী দ্রুত মামুনুল হকের গ্রেফতার দাবি করেন৷
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের প্রতিবাদে বেশ কয়েকটি বক্তব্য দিয়েছিলেন হেফাজত নেতা ও ইসলামিক বক্তা মাওলানা মামুনুল হক। বিভিন্ন সভা-সমাবেশ এবং মাহফিল থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য গুড়িয়ে দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি।
