স্পোর্টস আপডেট ডেস্ক- ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। বিবিসি জানায়, বুয়েনস এইরেসে তাঁর শেষকৃত্য ছিল পরিবার ও কাছের মানুষ নিয়ে। দিনভর লাখো মানুষ তাঁকে শ্রদ্ধা জানালেও তাঁর শেষকৃত্যে অংশে নেন ২০ থেকে ২৫ জন কাছের বন্ধু ও আত্মীয়।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে বেল্লা ভিস্তায় মা–বাবার পাশেই সমাহিত করা হয় এই ফুটবল–জাদুকরকে। এর আগে তাঁকে শ্রদ্ধা জানাতে লাখো ভক্ত হাজির হয়েছিল প্রেসিডেনশিয়াল প্যালেসে। সেখানে ভক্তরা কান্নাভেজা চোখে তাঁকে শেষ শ্রদ্ধা জানায়।
করোনা সং’ক্র’মণের শঙ্কা উপেক্ষা করে লাখো ভক্ত সমবেত হয়েছিলেন শেষবারের মতো প্রিয় ফুটবলারের কফিন স্পর্শের আশায়। অভ্যাগতদের সবারই চোখে জল, হাতে ফুল। কারও পরনে ছিল ১০ নম্বর জার্সি নয় ম্যারাডোনার ছবি সম্বলিত পোশাক। কেউ দূর থেকেই প্রিয় মানুষটির হাওয়ায় ছুড়ে দিয়েছেন চুমু।
এদিকে লাখো ভক্তকে সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে আর্জেন্টাইন পুলিশকে। প্রেসিডেন্ট প্যালেস অভিমুখে এক কিলোমিটারের চেয়ে বেশি লম্বা লাইনের ভক্তদের ঠেকাতে পুলিশ এক পর্যায়ে রাবার বুলেট ও টিয়ার গ্যাসও ছুড়েছে। তবু সামলানো যায়নি ভক্তদের।
উল্লেখ্য, আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনা বুধবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে চলে যান। ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে প্রায় একাই বিশ্বকাপ জেতানো এই কিংবদন্তির মাত্র দুই সপ্তাহ আগেই মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল। হাসপাতাল ছেড়ে ফিরেছিলেন নিজ বাড়িতে। কে জানতো, পৃথিবীতে তার জন্য অপেক্ষা করছিল আর কয়েকটা দিন। মাত্র ৬০ বছর বয়সে কোটি ফুটবলভক্তকে কাঁদিয়ে অন্য পারের বাসিন্দা হলেন বাঁ পায়ে অসংখ্য মুহূর্তের জন্ম দেওয়া ফুটবল ঈশ্বর।
