নয়াপল্টনে যুবদলের সমাবেশে নেতাকর্মীদের ঢল

সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ঢাকায় ‘যুব সমাবেশ” করছে জাতীয়তাবাদী যুবদল।

সোমবার (১৬ অক্টোবর) দুপুর সোয়া ২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের উদ্যোগে এ সমাবেশ শুরু হয়। তবে বেলা ১১টার পর থেকেই সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সংগঠনটির হাজার হাজার নেতাকর্মী জড়ো হতে শুরু করেন।

নয়া পল্টনের আশপাশের এলাকা থেকে মিছিল ঢুকছে সমাবেশস্থলে। বিভিন্ন ইউনিট থেকে নানা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। ট্রাক দিয়ে অস্থায়ী মঞ্চ প্রস্তুত করা হয়েছে। নেতাকর্মীদের উজ্জীবিত করতে সংগীত পরিচালনা করেছেন শিল্পীরা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়া বক্তব্য রাখবেন বিএনপির সিনিয়র নেতারা। এতে সভাপতিত্ব করবেন যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু। সমাবেশ সঞ্চালনা করবেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন।

এ সমাবেশকে কেন্দ্র করে নয়া পল্টন এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *