Home খেলাধুলা হারের পর সাকিব বললেন, ভেঙে পড়লে চলবে না

হারের পর সাকিব বললেন, ভেঙে পড়লে চলবে না

0
65

ইংল্যান্ডের বিপক্ষে ১৩৭ রানে হারের পর অধিনায়ক সাকিব আল হাসান বললেন, ‘আমাদের ভেঙে পড়লে চলবে না।’

মঙ্গলবার ভারতের ধর্মশালায় টস হেরে ৩৬৪ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। টাগের্ট তাড়ায় ৪৯ রানের ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ। ওপেনার লিটন কুমার দাস ৭৬ ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ৫১ আর তাওহিদ হৃদয় ৩৯ রান করে করায় শেষ পর্যন্ত ৪৮.২ ওভারে ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ।

বিশ্বকাপে রানের হিসাবে বাংলাদেশের সবচেয়ে বড় হার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ২০১১ সালে। ২০০৭ সালে শ্রীলংকার বিপক্ষে ১৯৮ রানের হারটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে। আজ মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় সর্বোচ্চ ১৩৭ রানের ব্যবধানে হারে বাংলাদেশ। ব্যাট কিংবা বল, কোনো বিভাগেই ইংল্যান্ডের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশ।

টুর্নামেন্টে প্রথম ম্যাচে এই ধর্মশালাতেই আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছিল বাংলাদেশ। আজকে ইংল্যান্ডের বিপক্ষে হার। ম্যাচটিতে পরিকল্পনা কাজে না লাগানোর আক্ষেপ সাকিবের।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের খুব ভালো পরিকল্পনা ছিল। কিন্তু সেটি কাজে লাগাতে পারিনি। আমাদের ব্যাটিংটা হয়েছে খাপছাড়া। শুরুতে যখন বোলিং করছিলাম, প্রথম ৬ ওভার বল সুইং করছিল, এর পরপরই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় ইংল্যান্ডের হাতে। রানটা যদি ৩২০-৩৩০ হতো, তাও একটা সুযোগ ছিল।’

পিচ নিয়ে সাকিব বলেন, ‘টস জেতার ব্যাপারটি ভালো ছিল। আবহাওয়া কিছুটা ঠান্ডা ছিল। গত রাতে কিছুটা বৃষ্টি হয়েছিল। আমরা ভালো শুরু করতে পারিনি, বিশেষ করে প্রথম ১০ ওভারে। তাদের (ইংল্যান্ড) একটু সুযোগ দিলেই তারা চেপে বসবে। আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে।’

তবে আশার কথাও শোনালেন সাকিব, ‘বড় টুর্নামেন্ট। আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আগামীতে কিছু কঠিন ম্যাচ আছে। আজকের এই হারের পর আমাদের ভেঙে পড়লে চলবে না। আজকের ম্যাচের ইতিবাচক বিষয়গুলো খুঁজে নিয়ে সামনের ম্যাচগুলোতে ঝাঁপাতে হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here