নজর২৪, সিলেট- আলেম-উলামাদের অবমাননা, ধর্মীয় মাহফিলে বাধা প্রদান ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ মামুনুল হকের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট নগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বক্তারা বলেন, সরকার ৯৫% মুসলমানের দেশ বাংলাদেশেকে মূর্তির নগরীতে পরিনত করতে চায়। মাওলানা মামুনুল হক মূর্তির বিরোধিতা করায় তার মাহফিলগুলোতে বাধা প্রদান করা হচ্ছে। বাংলাদেশের জনগন ধর্মীয় আচার অনুষ্ঠানে এ ধরনের বাধা বরদাশত করবে না।
বক্তারা তাদের বক্তৃতায় বলেন, অবিলম্বে মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র বন্ধ না করা হলে সারা বাংলাদেশে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে।
এসময় তারা বলেন, তথাকথিত মুক্তিযুদ্ধ মঞ্চ কে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বাংলার মাটিতে আলেম-উলামার কুশপুত্তলিকা দাহ সহ্য করা যায় না। নবীজীর স. সুন্নতী পোশাকের অবমাননা বরদাশত করা হবে না।
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে মহানগর শাখার সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহর সভাপতিত্বে এবং জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আতিকুর রহমান ও মহানগর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলমের যৌথ পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়বে আমীর মাওলানা রেজাউল করিম জালালী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সামীউর রহমান মুসা।
