দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। টালিউডে প্রতিম ডি গুপ্ত পরিচালিত ছবি ‘চালচিত্র’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। বর্তমানে সিনেমার শুটিংয়েই কলকাতায় ব্যস্ত সময় পার করছেন তিনি।
প্রথম ছবিতেই প্রেমিকের খোলস পাল্টে খলচরিত্রে নিজেকে হাজির করছেন এই অভিনেতা। ছবির শুটিংয়ের ফাঁকে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও বন্ধু আফরান নিশোকে নিয়ে কথা বলেছেন অপূর্ব।
শাকিব প্রসঙ্গে অপূর্বর ভাষ্য, আমি শুধু বলতে পারি তিনি ‘সুপারস্টার’। এত বছর ধরে একটা ইন্ডাস্ট্রিকে ধরে রাখতে দম লাগে। সেই সম্মান তার প্রাপ্য। কেউ কারও থেকে কম বা বেশি নয়। সবার জীবনে উত্থান-পতন থাকে। আজ যে ‘সুপারস্টার’, ভবিষ্যতে অন্য কেউ সেই জায়গা নেবে।
কলতাকার অনেকেই নিশোকে অপূর্বের সঙ্গে মিলিয়ে ফেলেন। চেহারায় বেশ সাদৃশ্যে থাকায় আফরান নিশোর মতোই পরিস্থিতির মুখে পড়তে হয়েছে কি না? এমন প্রশ্নে জবাবে অপূর্ব বলেন, ‘বিড়ম্বনায় নিশোকে পড়তে হয়েছে। প্রচুর মানুষ ওকে অপূর্ব বলে ডাকত। ওকে বেশ ভুগতে হয়েছে এটার জন্য।’
নিশোকে পর্দায় তিনিই নিয়ে এসেছেন জানিয়ে অপূর্ব বলেন, ‘থ্যাঙ্ক গড যে ও নিশো হয়ে উঠতে পেরেছে। আসলে নিশোকে আমিই নিয়ে এসেছিলাম পর্দায়। অভিনেতা হওয়ার আগে থেকে আমরা ভালো বন্ধু। আমি যখন নাটক শুরু করি, তখনই রাকাত ভাইকে বলি ওকে নাটকে নেওয়ার কথা। এরপর মাঝে সে অন্য কাজে ব্যস্ত ছিল। কিন্তু এখন আবারও পর্দায় কাজ শুরু করেছে।’
