মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ইপিআই কার্যক্রমে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. ফরিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ তাফিয়া তাসনিম, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল হাসানাত আকন, মির্জাপুর থানার সেকেন্ড অফিসার শাহজাহান মিয়া, মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ইজাজুল হক, সাংবাদিক সামছুল ইসলাম সহিদ, সাংবাদিক এরশাদ মিঞা, সাংবাদিক নাজমুল ইসলাম, সাংবাদিক রাব্বি ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় সভায় বলা হয়, এ উপজেলায় ১০ থেকে ১৪ বছর বয়সী ৫ম থেকে ৯ম শ্রেণির ২০ হাজার ৬শত ৪০ জন শিক্ষার্থীকে এ টিকার আওতায় আনা হবে। এছাড়া স্কুল বহির্ভুত কিশোরীদেরও এ টিকা প্রদান করা হবে। এ উপজেলায় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ১৮ দিন চলবে। এরমধ্যে ১০ দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩২৭টি কেন্দ্রে ও ৮ দিন কমিউনিটি ক্লিনিকের ৩১২টি কেন্দ্রে এ ক্যাম্পেইন চলবে। ১৮ দিনই স্থায়ী টিকাদান কেন্দ্রেও এ টিকাদান সেবা পাওয়া যাবে। এ ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে ৭৮জন টিকাদান কর্মী, ৩৯ জন সুপারভাইজান, ৩১৩ জন স্বেচ্ছাসেবক কাজ করবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
এসএইচ
