নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে চোরের ছুরিকাঘাতে এক যুবক গুরুতত্বর আহত হয়েছে। পরে স্থানীয় এলাকাবাসী চোরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত জাহের হোসেন (২৮) উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের বদিউল আলমের ছেলে। অপরদিকে গণপিটুনির শিকার মো. ফারুক (চোর) বেগমগঞ্জ উপজেলার মিয়ারপুর গ্রামের ভোলা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতের দিকে জাকের হোসেনের ঘরে চুরি করতে ঢোকেন ফারুক। চোর ঘরে প্রবেশ করলে তার আওয়াজ শুনে বাড়ির মালিক জাকের হোসেন ঘুম থেকে উঠে পড়ে। এরপর চোরকে ধরতে গেলে চোরের হাতে থাকা ছুরি দিয়ে জাকের হোসেনকে গুরুতর জখম করে। পরবর্তীতে জাকেরের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে চোরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ তাকে ঘটনাস্থল থেকে চোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে চোর এবং মালিক দুইজনই ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
এসএইচ
