সংসদ গ্যালারিতে বসে অধিবেশন দেখলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

সংসদের ভিআইপি গ্যালারিতে বসে অধিবেশন দেখলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। সোমবার মাগরিবের নামাজের বিরতির পর তিনি সংসদের ভিআইপি গ্যালারিতে প্রবেশ করেন। এ সময় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদকে বিষয়টি অবহিত করেন। এ সময় মুহুর্মুহু করতালিতে সংসদ সদস্যরা আব্দুল হামিদকে স্বাগত জানান।

সাবেক রাষ্ট্রপতি যখন সংসদে আসেন ওই সময় জাতীয় পরিচয় নিবন্ধন আইন উত্থাপন কার্যক্রম চলছিল। আইনটি উত্থাপনের পর‌ই স্পিকার আবদুল হামিদের উপস্থিতির বিষয়টি জানিয়ে বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ আজকের সংসদ প্রত্যক্ষ করছেন।

তখনই সংসদ সদস্যরা তাকে করতালির মাধ্যমে স্বাগত জানান।

এরপর অন্য একটি ইস্যুতে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার সময়‌ জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু আব্দুল হামিদের প্রসঙ্গ টানেন।

চুন্নু বলেন, গত ৫৩ বছরের ইতিহাসে এ সংসদে আমরা একটি ঘটনা প্রত্যক্ষ করলাম । সেটা গণতন্ত্রের সৌন্দর্য। সংসদে নীরবে নিভৃতিতে একটি অভূতপূর্ব ঘটনা দেখলাম।

মজিবুল হক সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের প্রশংসা করে বলেন, এ দেশে একজন স্পিকার ছিলেন। তিনি এখানে ডেপুটি লিডার অব দা অপজিশন ছিলেন এবং দুবার দেশের রাষ্ট্রপতি ছিলেন। এটাই বোধ হয় প্রথম কোনো রাষ্ট্রপতির অবসরে যাওয়ার পর সংসদে এসে অধিবেশন প্রত্যক্ষ করা। আমরা ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং অনেক কিছু জেনেছি। বাংলাদেশের রাজনীতির গগনে তিনি একজন অত্যন্ত সফল রাজনীতি ব্যক্তিত্ব। আমি আমার পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *