নজর২৪ ডেস্ক- ইসলামের আদর্শ বাস্তবায়ন হেফাজতে ইসলামের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের আমীর ও দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী।
তিনি বলেছেন, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে ইসলাম ও নবীর আদর্শ বাস্তবায়ন করার উদ্দেশ্য হেফাজতে ইসলাম কাজ করে যাচ্ছে।
বুধবার (২৫ নভেম্বর) ফটিকছড়ি তৌহিদী জনতা ঐক্য পরিষদের আয়োজনে ফটিকছড়ি নাজিরহাট বাজারে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার কঠোর দাবি জানিয়ে বাবুনগরী বলেন, অন্যান্য ভিন্ন ধর্মের লোকের মতো কাদিয়ানীরা এদেশে বাস করতে পারবে। কিন্তু আমাদের ইসলাম ধর্মের নাম ব্যবহার করে তারা যাতে দেশে বসবাস করতে না পারে সেজন্যে এদের অমুসলিম ঘোষণা করতে সরকারের প্রতি জোর দাবী জানান।
এসময় তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের কর্মসূচি বাস্তবায়ন ও সরকার বিরোধী কর্মকাণ্ডে আমাদের কোনো অবস্থান নেই।
জুনায়েদ বাবুনগরী বলেন, সরকার নিজ অবস্থান থেকে দেশ পরিচালনা করবে এতে আমাদের বিন্দুমাত্র আপত্তি নেই। তবে আমাদের অবস্থান নাস্তিক্যবাদী অপশক্তির বিরুদ্ধে। যারা ইসলাম ধর্ম এবং মহানবী (সা.) বিরুদ্ধে কটাক্ষ করবে তাদের বিরুদ্ধে। এসব নাস্তিক্যবাদী অপশক্তির বিরুদ্ধে তিনি তার বক্তব্যে কঠোর হুশিয়ারি দেন।
