শুটিং সেটের একটি ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে খবরের শিরোনামে রয়েছেন ছোট পর্দার দুই অভিনয়শিল্পী রুকাইয়া জাহান চমক ও আরশ খান। রীতিমতো পাল্টাপাল্টি অভিযোগে দ্বন্দ্বে জড়িয়েছেন তারা। একদিকে অভিযোগ ওঠে, চমক শুটিংয়ে নির্মাতা আদিব হাসান ও ইউনিটের লোকজনদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। অন্যদিকে বিষয়টি অস্বীকার করে সহশিল্পী আরশ খানের দিকে অভিযোগের তির ছোড়েন চমক।
অভিনেত্রী বলেন, আরশ তাকে অনৈতিক প্রস্তাব দিয়েছেন। এই ঘটনায় আলোচনায় আসে অভিনেতা মাসুম বাশারের নামও। চমক তার বিরুদ্ধেও অভিযোগ করেছেন, তিনিসহ সেটের লোকজন তাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মাসুম বাশার।
চমকের ভাষ্য, নির্মাতা আর আরশ খান চক্রান্ত করে এটা ছড়াচ্ছে। একটা সময় আরশ আমার খুব ভালো বন্ধু ছিল। কিন্তু সে আমার কাছে বন্ধুর চেয়ে বেশি কিছু চেয়েছিল। মূলত এ কারণে তার সঙ্গে আমার দূরত্ব বাড়ে। সেই রাগ আর ক্ষোভ থেকেই তিনি এসব কথা ছড়িয়েছেন।
এদিকে চমকের এসব অভিযোগ অস্বীকার করে আরশ বলেন, সেদিন ঝামেলার সময় আমার কোনো ভূমিকাই ছিল না। আমি শুধু পুরো বিষয়টা শান্ত করেছি।
আক্ষেপ করে মাসুম বাশার বলেন, ‘শুটিং সেটে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। এগুলো গ্রহণযোগ্য নয়। আমার জীবনেও এমনটা দেখিনি। আমি নাকি তাঁকে মারতে যাচ্ছিলাম। চমক যতগুলো কথা বলেছেন, সবই মিথ্যা।’
মাসুম বাশার আরও বলেন, ‘আমি ঢাকা থিয়েটার থেকে শিক্ষা পেয়েছি, নাটকের সঙ্গে জড়িত হতে হলে সবার আগে ভালো মানুষ হতে হয়। এই দুরবস্থার জন্য আমরাই দায়ী। আমরা অশিল্পীকে তারকা বানানোর জন্য উঠেপড়ে লেগে যাই। শিল্পের প্রতি দায়বদ্ধতা, ভালোবাসা ও শিল্পবোধটা সবার মধ্যে থাকতে হবে। না হলে শিল্প আর শিল্প থাকবে না।’
অভিনয়শিল্পী সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন হাসান চুমকি বলেছেন, ‘সেদিনের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে অনেকেই অভিনয়শিল্পীসহ কয়েকটি সংগঠনে লিখিত অভিযোগ দিয়েছেন। এটা যেহেতু আন্তসংগঠনীয় ব্যাপার, তাই সব সংগঠন মিলেই এর সমাধান করা হবে। ১৩ আগস্ট সবাই আলোচনায় বসার জন্য প্রাথমিকভাবে সময় নির্ধারণ করা হয়েছে।’
