Home বিনোদন এবার শেহজাদ-বুবলীকে নিয়ে আমেরিকা যাবেন শাকিব খান

এবার শেহজাদ-বুবলীকে নিয়ে আমেরিকা যাবেন শাকিব খান

0
94

এক মাসেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন এ নায়ক।

গত ঈদে দেশের প্রেক্ষাগৃহে শাকিব অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তির পর গত জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায় সিনেমাটি। সেখানে বেশ ভালোই দর্শক টেনেছে ‘প্রিয়তমা’। আর সিনেমাটির মুক্তি উপলক্ষ্যেই দেশটিতে উড়াল দেন। দর্শকের সঙ্গে বসে প্রিয়তমা উপভোগ করেন এ নায়ক।

প্রিয় তারকাকে বরণ করে নিতে এদিন বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন ঢালিউড কিং খানের ভক্তরা। ভিআইপি টার্মিনাল থেকে বের হওয়ার দরজায় শাকিবকে দেখেই ভক্তরা স্লোগান দিতে থাকেন। এ সময় সুপারস্টারও হাত নেড়ে অনুরাগীদের ভালোবাসার জবাব দেন।

শাকিব খানের দেশে ফেরার খবরটি আগে থেকেই অবগত ছিলেন গণমাধ্যমকর্মীরা। এজন্য সকালেই বিমানবন্দরে উপস্থিত হন তারা। এদিন নায়ককে বিমানবন্দরে রিসিভ করতে আসেন ‘প্রিয়তমা’র প্রযোজক আরশাদ আদনান, পরিচালক তপু খান, অনন্য মামুন, সাইফ চন্দনসহ অন্যান্যরা।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাকিব খান বলেন, “শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যেখানে ‘প্রিয়তমা’ চলছে সবখানে ভালো যাচ্ছে। এটা বাংলা সিনেমার নতুন পথ উন্মোচন করল।”

গত মাসে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়াতে দেখা গেছে শাকিব-অপু দম্পতিকে। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আব্রাহাম শেহজাদ দুই সন্তানের জন্য আমার ভালোবাসা সব সময় আছে। আব্রাহামকে সুন্দর মেমোরি দেওয়ার চেষ্টা করেছি। আগামীতে শেহজাদও যাবে। তার প্রতিও আমার সমান ভালোবাসা থাকবে।’

শাকিব-বুবলীর ছেলে শেহজাদ খান বীর এখনো বেশ ছোট। তাই শাকিব যদি শেহজাদকে যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে চান সেক্ষেত্রে সঙ্গে থাকবেন তার মা শবনম বুবলী, এ কথা সহজেই অনুমেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here