Home আলোচিত ঢাকায় এসে শাকিব খানকে প্রশংসায় ভাসালেন ইধিকা পাল

ঢাকায় এসে শাকিব খানকে প্রশংসায় ভাসালেন ইধিকা পাল

0
183

ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচিত হয়েছেন কলকাতার ইধিকা পাল। ঈদের অন্যতম ব্যবসাসফল সিনেমাটি এখনও অনেক হলেই হাউজফুল যাচ্ছে। সিনেমার এই জনপ্রিয়তা পাওয়াকে অপ্রত্যাশিত মনে করছেন অভিনেত্রী ইধিকা পাল।

শুধু তাই নয়, শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়াকে সোনে পে সোহাগা বলে মনে করেন তিনি। ইধিকা বলেন, আমাদের কলকাতায় হিন্দিতে বলে সোনে পে সোহাগা, শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়াটা আমার কাছে সোনে পে সোহাগা।

রোববার (৩০ জুলাই) আকস্মিকভাবেই ঢাকায় এসেছেন ইধিকা। সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় ধানমন্ডির সাতমসজিদ রোডের ৭৫৫ নম্বর গ্রিন রওশন আরা টাওয়ারে ‘রয়্যাল ক্যাফে এক্সপেরিয়েন্স’ আউটলেট যাত্রা শুরু অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। এর ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নায়িকা।

সেখানে ইধিকা বলেন, আমার প্রথম অভিনয় করা সিনেমাটি মুক্তি পেয়েই এরকমভাবে সফল হয়েছে, একটু প্রত্যাশার বাইরে একটা ঘটনাটা ঘটেছে। তো যথারীতি খুবই ভালো লাগছে।

প্রিয়তমা সিনেমায় শাকিবের সঙ্গে ব্যবহৃত সংলাপগুলোও মজা করে ক্যামেরার সামনে বলেন ইধিকা। কদিন আগেই ঢাকায় এসেছিলেন, মুখ ঢেকে নিজের সিনেমা দেখেছেন। এরমধ্যে আবারও ঢাকা এসেছেন তিনি।

তবে এই সফরটাকে সিনে সাংবাদিকরা দেখছেন অন্যভাবে। অনেকেরই অভিমত ইধিকা হয়তো বাংলাদেশের নতুন সিনেমা করতে যাচ্ছেন, তার এজন্যই এবারের ঢাকা সফর।

এক প্রশ্নের জবাবে পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী জানালেন, শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়া বড় ব্যাপার।

ইধিকা বলেন, যখন আমি শাকিব খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব পাই, সেই অনুভূতিটা অন্যরকম ছিল। আসলে শাকিবের এগেইনস্টে সুযোগ পাওয়াটা বড় ব্যাপার। আর অভিনয়ের আগে তো শাকিব খানের সব সিনেমাই আমি কলকাতায় দেখে নিয়েছি। তাই সেই জায়গা থেকে ব্যাপারটা এমনই ছিল।

যেখানেই যাচ্ছেন সেখানেই ইধিকাকে প্রিয়তমা বলে সম্বোধন করা হচ্ছে। বিষয়টি নিয়ে এই অভিনেত্রীর অনুভূতি এমন, খুব ভালো। প্রিয়তমা কথাটা এতো মিষ্টি আর সুন্দর যতবার শুনি ততোবারই ভালো লাগে। ভবিষৎতেও যদি এই সম্বোধনটা পাই খুব ভালো লাগবে।

উল্লেখ্য, আরশাদ আদনানের প্রযোজনায় রোম্যান্টিক-অ্যাকশন ঘরানার ছবি ‘প্রিয়তমা’। পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এটির গল্প লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। ছবিটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here