আজ অনুমতি না পাওয়ায় রাজধানীতে সমাবেশের তারিখ পেছালো জামায়াত

রাজধানী ঢাকায় আজ মঙ্গলবার সমাবেশ করার অনুমতি না পাওয়ায় আগামী শুক্রবার (৪ আগস্ট) এই সমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (০১ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে দলটি।

এতে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়ন করতে চাই। সংঘাত-সংঘর্ষ চাই না। তাই সংঘাত এড়ানোর লক্ষে আজকের কর্মসূচি স্থগিত করে শুক্রবার (৪ আগস্ট) রাজধানীতে সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি। আশা করি, পুলিশ প্রশাসন এ ব্যাপারে আমাদের সহযোগিতা দেবে।

তিনি জানান, সমাবেশের ব্যাপারে আজ-কালের মধ্যে আবেদন করা হবে।

এর আগে গত ২৪ জুলাই জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে ১ আগস্ট দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ-সমাবেশ কর্মসূচির ঘোষণা দেন। কেয়ার টেকার সরকার পুনর্বহাল, আলেম-ওলামা ও জামায়াত আমিরের মুক্তি এবং সরকারের পদত্যাগ দাবিতে এ বিক্ষোভ কর্মসূচির জন্য তারা ব্যাপক প্রস্তুতি নেয় বলে জানা যায়।

তবে তাদের কর্মসূচি পালনের অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল (সোমবার) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্পষ্ট জানিয়ে দেন, এদিন জামায়তকে বিক্ষোভ-সমাবেশের অনুমতি দেয়া হবে না।

পুলিশ সূত্র জানায়, বায়তুল মোকাররম না পেয়ে অন্য কোথাও বা কোনো বদ্ধ মিলনায়তনে সমাবেশ করতে রাজি ছিল জামায়াত। সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামা বিএনপি অনুমতি পেলেও জামায়াতকে কোথাও কর্মসূচি করতে না দেওয়ার সরকারি সিদ্ধান্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *