করোনা ভ্যাকসিন সবাইকে ফ্রি দিতে হবে: জিএম কাদের

নজর২৪, ঢাকা- সরকারের প্রতি আহ্বান জানিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, প্রতিটি মানুষকে বিনামূল্যে করোনাভাইরাস প্রতিরোধের ভ্যাকসিন দিতে হবে।

 

বুধবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের নেতারা জাতীয় পার্টি চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা জানাতে জাতীয় পার্টি কার্যালয়ে আসেন।

 

মোহাম্মদ কাদের বলেন, দেশের হতদরিদ্র মানুষের পক্ষে পয়সা খরচ করে ভ্যাকসিন নেওয়া হয়তো সম্ভব হবে না। তাই সবার জন্য বিনামূল্যে করোনার ভ্যাকসিন নিশ্চিত করতে হবে।

 

জিএম কাদের বলেন, দেশের মানুষ ভ্যাকসিনের ব্যাপারে পরিচ্ছন্ন ধারণা চায়, দেশের মানুষ করোনা প্রতিরোধে ভ্যাকসিনের ব্যাপারে আস্থাশীল হতে চায়। সরকারকে এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

 

দুঃখ প্রকাশ করে জিএম কাদের বলেন, ধনীদের সন্তানরা শিক্ষায় যে সুবিধা ভোগ করে, গরিব মানুষের সন্তানরা সেই সুযোগ পায় না। তাই দেশের বৈষম্য দূর হয় না। বৈষম্যহীন দেশ গড়তে সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। শিক্ষাকে জাতীয়করণ করে প্রয়োজনে বেসরকারি শিক্ষকদের বিসিএস পরীক্ষায় অংশ নিতে সুযোগ দিতে হবে। যারা উত্তীর্ণ হবে তারা সরকারি সুযোগ পাবে। যে সকল শিক্ষক উত্তীর্ণ হতে পারবে না তারা পূর্বের স্কেলে সুযোগ পেয়ে পুনরায় যাতে পরীক্ষায় অংশ নিতে পারে সে ব্যবস্থা করতে হবে।

 

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি মো. সাঈদুল হাসান সেলিম, মহাসচিব রেহান উদ্দিন, বেসরকারী শিক্ষক-কর্মচারী ফোরামের কেন্দ্রীয় নেতা মো. রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা হাফিজুর রহমান, আব্দুর রহমান, দেলোয়ার হোসেন আজিজি, হারুন অর রশীদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *