একে অন্যকে খাইয়ে দিলেন জয়া আহসান ও মিথিলা

বাংলাদেশের জনপ্রিয় দুই অভিনেত্রী জয়া আহসান ও রাফিয়াত রশিদ মিথিলা। যারা ওপার বাংলাতেও সমানে কাজ করছেন। টলিউড পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের কারণে সিনে দুনিয়ায় দুই নায়িকার সম্পর্ক নিয়েই বেশ গুঞ্জন রয়েছে।

জয়ার সঙ্গে সৃজিতের বিশেষ বন্ধুত্ব নিয়ে অতীতে বহু গুঞ্জন ছড়িয়েছে। সেই গুঞ্জনকে হাওয়ায় উড়িয়ে ‘রাজকাহিনী’র পরিচালক বিয়ে করেছেন মিথিলাকে।

পাঁচ বছর পর ‘দশম অবতার’-এ একসঙ্গে কাজ করতে চলেছেন সৃজিত এবং জয়া। এরপরই নানা চর্চা শুরু হয় জয়া এবং মিথিলার সম্পর্ক নিয়ে। যদিও সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে মিথিলা জানান, তিনি জয়াকে বহুদিন ধরে চেনেন। সৃজিতের তার সঙ্গে কাজ করা নিয়ে কোনো অসুবিধা বা আপত্তি তার নেই।

মিথিলা এও বলেছিলেন, কত কিছুই তো শোনা যায়। সবাইকে যদি বাদ দেয়, সেক্ষেত্রে তো কাউকেই কাজের জন্য পাওয়া যাবে না। জয়ার সঙ্গে তার ‘সরল’ সম্পর্ক অহেতুক জটিলতায় ঢাকার চেষ্টা হচ্ছে, প্রকারান্তে এমনটাই বোঝাতে চেয়েছিলেন অভিনেত্রী।

তারই মাঝে সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে মুখোমুখি হন জয়া এবং মিথিলা। দুই অভিনেত্রীকে সেখানে একফ্রেমে বন্দি করা হয়। দুজনেই সেজেছিলেন শাড়িতে। হালকা সাজে দুজনকেই অনন্যা লাগছিল।

একটি ছবিতে দেখা যায়, মিথিলাকে চামচে করে কোনো খাবার খাইয়ে দিচ্ছেন জয়া। মিথিলাও সেই খাবার হাসিমুখে মুখে তুলে নিচ্ছেন। বেশ খোশ মেজাজেই এক ফ্রেমে ধরা দেন দুই তারকা।

ভক্তরাও স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেন সেই ছবি দেখে। এক নেটিজেনের মন্তব্য, ‘আপনাদের একফ্রেমে দুর্দান্ত লাগছে।’ অপর এক নেটিজেন লিখেন, ‘যদি সৃজিত উপস্থিত থাকতেন সেক্ষেত্রে এই ফ্রেমটা আরও ভালো লাগত।’

দুই নায়িকার সম্পর্কের টানাপোড়েনের যে গুঞ্জন সামনে এসেছিল তা কার্যত উড়িয়ে দিয়েছেন এই দুই অভিনেত্রীই। তাতেই কার্যত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ভক্তরা।

প্রসঙ্গত, জয়া-মিথিলা বাদেও ওই বিয়ের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, নির্মাতা রায়হান রাফী, তমা মির্জা, পরিচালক রেদওয়ান রনিসহ শোবিজের আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *