বাংলাদেশের কাউয়া শিল্পীদের যুক্তরাষ্ট্রে অনুষ্ঠানে নেয়া হচ্ছে: ওমর সানি

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যেসব তারকাকে নিয়ে গিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, তাদের নিয়ে প্রশ্ন তুলেছেন চিত্রনায়ক ওমর সানি।

ওইসব তারকাকে ‘কাউয়া শিল্পী’ আখ্যা দিয়ে বিষয়টিকে রুচির দুর্ভিক্ষ হিসেবে মন্তব্য করেছেন এই অভিনেতা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রায়ই নানা ইস্যুতে কথা বলেন ওমর সানি। এ নিয়ে সমালোচনারও মুখেও পড়তে হয় তাকে। এরই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রে যাওয়া শিল্পীদের নিয়ে মন্তব্য করলেন তিনি।

ওমর সানি লিখেছেন, আগে আমেরিকার অনুষ্ঠানের নাম শুনলেই কম বেশি আমরা সবাই লাফ দিতাম। কিন্তু এখন যে ধরনের দু একজন কাউয়া শিল্পীকে তারা নিয়ে যাচ্ছে আমরা অবাক হচ্ছি।

তিনি লিখেছেন, রুচির দুর্ভিক্ষ। হায়রে…।

মাঝেমধ্যেই যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তারকাদের নিয়ে বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত প্রবাসী বাংলাদেশিরা এর আয়োজক। এর বাইরে নানাভাবেই হয় আয়োজন।

এবার ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস’ নামে সে দেশে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে জ্যামাইকার আমাজুরা হলে প্রথম পর্ব ‘মিউজিক অ্যাওয়ার্ড’ শুরু হবে ২৫ জুন থেকে। এরপর ১ জুলাই থেকে ভার্জিনিয়াতে অনুষ্ঠিত হবে উৎসবের দ্বিতীয় পর্ব ‘ফিল্ম অ্যাওয়ার্ড’।

এবারের আয়োজনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন দেশের একঝাঁক তারকা। এরই মধ্যে দেশটিতে পৌঁছে গেছেন অনেকে। চিত্রনায়ক জায়েদ খান ফেসবুকে ছবি দিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *