অনেক পরিচালক আমাকে হোটেল-রেস্টুরেন্টে ডাকে: জেবা জান্নাত

জেবা জান্নাত। হুট করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল নাম। নাটকের এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী তিনি। খুব বেশি একটা অভিনয়ে নিয়মিত না হলেও সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

সম্প্রতি জেবা জান্নাতকে নিষিদ্ধ করেছে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। মূলত অসহযোগিতা ও অসদাচরণের কারণেই তার ওপর এই নিষেধাজ্ঞা জারি করেছে সংগঠনটি।

এরপর বিষয়টি নিয়ে মুখ খোলেন জেবা। পাল্টা অভিযোগ তোলেন নির্মাতা লাজুক ও তার স্বামী সাজ্জাদ হোসেন দোদুলের বিরুদ্ধে। তার দাবি, সাজ্জাদ তাকে কুপ্রস্তাব দিয়েছে। যেটা না মানার কারণে তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

তবে ডিরেক্টরস গিল্ডের এই নিষেধাজ্ঞার যে কোনো ধার ধারেন না সেটাও স্পষ্ট করলেন জেবা। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘অভিযোগ নিয়ে আমার কোনো ভাষ্য নেই। আমাকে ব্যানড করা হয়েছে, আমি নাটকে নিষিদ্ধ। কিন্তু আমি আগামীকাল (আজ) থেকেই নাটকের শুটিং করছি। নিষিদ্ধ করে কোনো লাভ নেই।’

শুধু নির্মাতা দোদুলের বিরুদ্ধেই যে কুপ্রস্তাবের অভিযোগ করেছেন উঠতি এ অভিনেত্রী তা নয়, বরং আঙুল তুলেছেন অন্য আরও অনেক পরিচালকের বিরুদ্ধে।

জেবা বলেন, ‘শুধু দোদুলই নয়, নাটকের অনেক পরিচালক আমাকে বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে ডাকে। তারা আমার সঙ্গে টাইমপাস করতে চায়, নাটকের কাজ দিতে চায়। অনেক ডিরেক্টর আমাকে নানা ইঙ্গিত দিয়ে কথা বলে। এসব বিষয় নিয়ে আমি কখনোই কথা বলিনি। কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *