জমিসহ বাড়ি উপহার পেলেন অভিনেত্রী সুজাতা

কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা আজিমের পাশে দাঁড়িয়েছে ঢাকা জেলা প্রশাসন। ওয়ারী মৌজায় দখলমুক্ত হওয়া জমি তাকে বুঝিয়ে দেওয়া হলো।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে জমিসহ একটি বাড়ির চাবি সুজাতাকে বুঝিয়ে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সুজাতার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন জানিয়েছে, গুণী এই অভিনেত্রী আজ অনেকটা অসহায়। বনশ্রীর একটি ভাড়া বাসায় অসচ্ছলতার সঙ্গে দিনযাপন করছিলেন।

বিষয়টি ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নজরে এলে, তিনি অভিনেত্রী সুজাতা আজিমের আবাসনের জন্য একটি উপযুক্ত বাড়ি খুঁজে বের করার নির্দেশনা দেন। তার নির্দেশনার আলোকে ওয়ারীর লালচান মকিম লেনের (বাসা নং ৪৩, ৪৩/২, ৪৩/৩) উক্ত সম্পত্তি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করে ঢাকা জেলা প্রশাসক। এরপর তাকে বাড়িটি হস্তান্তর করা হয়।

এ সময় অভিনেত্রী সুজাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঢাকা জেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানান।

চিত্রনায়িকা সুজাতা তার আবেগঘন বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঢাকা জেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

জেলা প্রশাসক বলেন, গুণী-জ্ঞানী বিশিষ্টজন যারা আর্থিকভাবে অসচ্ছল তাদের আবাসনের জন্য ঢাকা জেলা প্রশাসন কাজ করছে। অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও জনকল্যাণমুখী সংগঠনগুলোর জন্য উদ্ধার খাসজমি/অর্পিত সম্পত্তি পরবর্তীতে বরাদ্দ দেওয়া হবে।

সুজাতা একাধারে চিত্রনায়িকা, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়। তাছাড়া শিল্পকলার চলচ্চিত্র শাখায় অনবদ্য অবদানের জন্য তাকে ২০২১ সালে বাংলাদেশ সরকার একুশে পদক দেয়। তার অভিনীত চলচ্চিত্র সংখ্যা তিন শতাধিক।

বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক, জেলা প্রশাসনের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *