রাজ্যকে একটা বিউটিফুল জীবন দিতে চাই আমরা: শরিফুল রাজ

ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। বেশ কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, ভেঙে যাচ্ছে এ দম্পতির সংসার।

ভাঙা-গড়ার গুঞ্জনের মাঝে গত ১০ জুন রাতে পরীমণির বাসায় যান রাজ। ছেলে রাজ্যের ১০ মাস পূর্তি উপলক্ষে একসঙ্গে কেক কাটেন তারা। এসময় তাদের বেশ হাসি-খুশি দেখা যায়। এরপর অনেকে ধারণা করেন, তিক্ততা ভুলে মধুর হয়েছে তাদের সর্ম্পক। কিন্তু এ ধারণা ভুল প্রমাণ করে রাজ-পরী নিজেই।

সন্তানের জন্যই তাদের এই একত্র হওয়া বলেও জানান দুজন। ছেলের জন্য আগামীতেও এই জুটি একসঙ্গে দেখা দেবেন, এমনটাই নিশ্চিত করেছেন রাজ্যর বাবা-মা।

সন্তানের বিশেষ দিনটি পালনের জন্য ওই দিন রাত ১২টার পর রাজ্যের জন্য বিশেষ কেক নিয়ে পরীর বসুন্ধরার বাসায় হাজির হয়েছিলেন রাজ। তার কথায়, ‘এখানে একসঙ্গে হওয়া না–হওয়ার বিষয়টি বড় নয়। আমি আমার বাচ্চাকে দেখতে বাসায় যাব না?’ তার বিশেষ দিন সেলিব্রেশন করব না? আমার বাচ্চার বার্থডে সেলিব্রেশন করতে বাসায় গিয়েছিলাম আমি। কারণ, আমাদের দুজনেরই বাচ্চার সঙ্গে সময় কাটাতে ভালো লাগে।’

দুজন মিলেই ছেলের বিশেষ দিনটি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন জানান অভিনেতা। রাজ বলেন, ‘বাচ্চার এই বিশেষ দিনটির জন্য আমরা দুজনই নিজেদের মধ্যে কথা বলেছি। এরপর একসঙ্গে হয়ে সন্তানের জন্মের ১০ মাস পূর্তির কেক কেটেছি। দিনটা রাজ্যের জন্য স্পেশাল। তাই দিনটিতে সব সময়ই তাকে ঘিরে সর্বোচ্চ সময় দিই আমরা। ওকে নিয়ে সেলিব্রেশন করি।’

এই অভিনেতা আরও বলেন, ‘যেখানে যেভাবেই থাকি, বাচ্চার স্পেশাল দিনটিতে আমরা দুজন সারা জীবনই একসঙ্গে হব। আমাদের দুজনের একান্ত বিষয়গুলো সন্তানের ওপর প্রভাব ফেলতে দেব না। রাজ্যের একটা বিউটিফুল জীবন দিতে চাই আমরা।’

এদিকে একইদিন পরীমণি জানালেন, কেবল বিশেষ দিনটি উদযাপনে একত্রিত হয়েছিলেন তাঁরা; ফের সংসার করার কোনো সম্ভাবনা নেই। পরীমণি তাঁর ফেসবুক পেজে নিজের অবস্থান স্পষ্ট করে একটি পোস্ট দেন।

সেখানে তিনি লেখেন, শুধু ছেলে রাজ্যর পৃথিবীতে আসার দিনটি তাঁরা দুজন মিলে উদযাপন করেছেন, যা আগামীতেও করবেন। এবং এক্ষেত্রে তাঁদের জীবনের অন্যান্য বিষয় টেনে আনা হবে না। আরও লিখেছেন, রাজ চলে গেল রাজের মতো, আশা করি এটা এখানেই শেষ হবে।

ভিডিওর ক্যাপশনে হাসির ইমোজি দিয়ে নায়িকা লিখেছেন, ‘মাসের দশ তারিখটা আমাদের জন্য খুব স্পেশাল! ব্যস এতটুকুই’। ভিডিওতে পরীমণি ও রাজকে কথা বলতে দেখা না গেলেও, একবার পরীমণি রাজের দিকে তাকিয়ে হেসে কথা বলেন। যদিও সেই কথাটি ছিল ছেলের উদ্দেশে বলা একটি বাক্য।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। পরে ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় তাঁদের সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। তবে মাঝে মধ্যে তাঁদের সম্পর্কে টানাপড়েন দেখা গেলেও সন্তানের জন্য ফের একসঙ্গে দেখা গেল এই দম্পতিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *