১১ মাস সংসার করে স্ত্রী হিসেবে অস্বীকার তাঁতী লীগ নেতার

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেনের বিরুদ্ধে স্ত্রীর স্বীকৃতি না দেয়ার অভিযোগ করেছেন এক স্বামী পরিত্যাক্তা নারী। রোববার (১১ জুন) ওই নারী মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও ওই নারী এই প্রতিবেদককে জানান, প্রায় এক বছর আগে স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পর অভিযুক্ত ছানোয়ার হোসেন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। এক পর্যায়ে প্রস্তাবে রাজি হয়ে স্ত্রী হিসেবে সংসার শুরু করেন তারা। অভিযুক্ত ছানোয়ারের কথায় ওই নারী ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। যদিও ধর্মান্তরিত ও বিবাহের কাগজপত্র ছানোয়ার কৌশলে তার নিজের কাছে রেখে দিয়েছেন বলে দাবি করেন ওই নারী। ছানোয়ার তাকে স্ত্রী হিসেবে মির্জাপুর পৌরসভার বাইমহাটি শাহজাহান ও রফিক মাস্টারের বাড়িতে বাসা ভাড়া করে রাখেন। বিষয়টি ছানোয়ারের পরিবারের লোকজনও অবগত। কিন্তু হঠাও করে তাঁর ভরণপোষন দেয়া বন্ধ করেন এবং স্ত্রী হিসেবে স্বীকৃতি দিবেনা বলে জানান। অভিযুক্ত ছানোয়ার ব্যবসায়ীক কাজের কথা বলে বিভিন্ন সময় তার কাছ থেকে এক লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন বলেও দাবি করেন ওই নারী। শনিবার ১০ জুন বিকেলে স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবি নিয়ে অভিযুক্ত ছানোয়ার হোসেনের পৌরসভার বাইমহাটি গ্রামের বাড়িতে গেলে তাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়া হয়। এরপর রোববার থানায় গিয়ে অভিযোগ করেন ওই নারী। তিনি আরও বলেন, ন্যায় বিচারের আশায় আমি বিষয়টি থানার উর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি। ছানোয়ার আমার ওপর চাপ সৃষ্টি করছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

বাইমহাটি কবরস্থান এলাকার শাহজাহান মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, গত দুই মাস পূর্বে ওই নারীকে ছানোয়ার তার দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে বাসা ভাড়া নেন। কিন্তু পরে তার প্রথম স্ত্রী এসে অভিযোগ করলে আমি ওইদিনই তাদের বাসা থেকে বের করে দেই।

অভিযুক্ত ছানোয়ার হোসেনের সাথে এই প্রতিবেদক যোগাযোগ করলে তিনি বলেন, ফোনে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে সরাসরি কথা বলবেন বলে ফোন রেখে দেন।

এ বিষয়ে মির্জাপুর থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, এরকম ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *