বিনোদন জগতের তারকাদের রাজনীতিতে প্রবেশের ঘটনা নতুন কিছু নয়। দেশে-বিদেশে অনেক শিল্পীর জীবনেই এমনটা ঘটেছে। বাংলাদেশেও অনেকে শিল্পচর্চা ছেড়ে যোগ দিয়েছেন রাজনীতিতে।
এই তালিকায় নিজের নামটি তোলার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত দুই বাংলার জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ। বহুদিন ধরে তিনি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত। দলটির নির্বাচনী প্রচার-প্রচারণায় সবসময়ই তার দেখা মেলে। দলে তার একটি গুরুত্বপূর্ণ পদও রয়েছে। আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির একজন সদস্য ফেরদৌস।
তবে শুধু পদ থাকলেই তো হলো না, এর বাইরে দলের ব্যানারে সংসদ সদস্য, মন্ত্রী হওয়ার খায়েশও থাকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের। একই ইচ্ছা রয়েছে নায়ক ফেরদৌসেরও। আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হওয়ার লক্ষ্য তার বহুদিনের।
এবার তার লক্ষ্য ঢাকা-১৭ (গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট)। প্রয়াত নায়ক ফারুক ছিলেন এই আসনের সংসদ সদস্য। গত ১৫ মে তার মৃত্যুতে ঢাকা-১৭ আসনটি শূন্য হয়ে যায়। আসনটির উপনির্বাচন আগামী ১৭ জুলাই।
জানা গেছে, এই আসনের উপনির্বাচনে অংশ নিতে শুধু আওয়ামী লীগ থেকেই মনোনয়ন ফরম তুলেছেন ২২ জন! সেই তালিকায় আছেন নায়ক ফেরদৌসও। মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির ৩ নম্বর কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
এদিকে আজ ৭ই জুন ছিল চিত্রনায়ক ফেরদৌস আহমেদের জন্মদিন। দিনটি উপলক্ষে শুভেচ্ছায় ভেসেছেন এ অভিনেতা। এদিন সন্ধ্যায় তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ আক্তার। সেইসঙ্গে ঢাকা-১৭ আসনে নির্বাচন করার ইচ্ছে পোষণ করায় শুভ কামনাও জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে নিপুণ আক্তার লেখেন, ‘একজন মানুষ, যিনি কিনা একজন সফল নায়ক, এরপর নায়ক থেকে প্রযোজক, প্রযোজক থেকে রাজনীতির মাঠে তার পদার্পণ। এখন সম্পূর্ণভাবে সক্রিয় রাজনীতিতে।
১৭ আসনের জন্য নমিনেশন তুলেছেন আমাদের সকলের প্রিয় ফেরদৌস ভাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আমরা সকলে চাই, এই এলাকাতে একজন নায়ক ছিলেন আমাদের পার্লামেন্ট মেম্বার। বর্তমানে যদি ফেরদৌস ভাই আসতে পারেন এই পর্যায়ে তাহলে আমরা সকলেই অনেক আনন্দিত হবো।
ফেরদৌস ভাইকে জানাই শুভ জন্মদিন। আপনি একজন কো-আর্টিস্ট পাশাপাশি অনেক কাছের একজন ফ্যামিলি ফ্রেন্ড। আপনার উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।’
