আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।
তিনি বলেছেন, “অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক মাঠে কাজ করছি। সামনে নির্বাচন, এবারও নির্বাচনে অংশ নেবো বলে আশা রাখি।
সামনে আমার চারটি সিনেমা মুক্তি পাবে। সিনেমার পুরো কাজ শেষ হয়েছে। যেকোনো সময় এসব সিনেমা একে একে মুক্তি পাবে।”
রবিবার (৪ জুন) বিকেলে টাঙ্গাইলের রাজ্য সিনেপ্লেক্সে “টোকাই” সিনেমা দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
“টোকাই” সিনেমা নিয়ে হিরো আলম বলেন, “আমিও এক সময়ে টোকাই ছিলাম। টোকাই সিনেমায় আমার জীবনের একটি অংশ তুলে ধরা হয়েছে। দর্শকরা সিনেমা দেখে হল থেকে বের হয়ে আমাকে গালিও দেয়নি। কেউ বলেনি হিরো আলম সিনেমা ভালো করতে পারেনি। সবাই একই কথা বলছে, ‘হিরো আলমের আগের থেকে অনেক উন্নতি হয়েছে। ছবি দেখে ভালো লেগেছে’। একজন টোকাইয়ের যে কষ্ট-দুঃখ তা এ সিনেমার মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। এতে দর্শকের অনেক সাড়া পেয়েছি।”
তিনি আরও বলেন, ‘হিরো আলম ফাউন্ডেশন নিয়ে আমরা কাজ করছি। সিনেমার আগে থেকেই অসহায় মানুষ নিয়ে কাজ করছি আমি। আমরা ব্যতিক্রম কিছু দেওয়ার চেষ্টা করছি।’
