গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণির দাম্পত্য কলহ। শুরুটা অবশ্য নায়কের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ফাঁসের পর। ভিডিওগুলোতে শোবিজের চার তারকাই ছিলেন মদ্যপ অবস্থায়। তাদের অঙ্গভঙ্গি ও মুখের কথা ছিল কুরুচিপূর্ণ।
প্রথমে ছবি, ভিডিও ফাঁস হওয়ার ঘটনায় সুনেরাহকে দায়ী করেন পরীমণি। সুনেরাহর নাম উল্লেখ করে এর আগে গণমাধ্যমে তিনি বক্তব্যও দিয়েছেন। এখন তার বক্তব্য পাল্টে গেছে।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরীমণি ধারণা পোষণ করেন, তিনি নন, রাজের পরিবারের কেউ আপত্তিকর ছবি ও ভিডিওগুলো প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘অনেকে হয়তো আমাকে সন্দেহ করছে। কিন্তু আমি কি পাগল? এসব প্রকাশ করতে যাব। তবে আমি শতভাগ নিশ্চিত, সঠিক তদন্ত হলে এমন একজনের নাম আসবে, শুনলে সবাই অবাকই হবে। নাম বলব না, শুধু এতটুকুই বলি, সে রাজেরই পরিবারের কেউ। মনে রাখবেন, কোনো কিছুই গোপন থাকে না। একদিন না একদিন সত্য বের হবেই। বুঝছেন, এমন ঘটনা যে ঘটাতে পারে, কত বড় ভয়ংকর সে।’
তবে কার নাম আসবে তা প্রকাশ করেননি তিনি। এ নায়িকা বলেন, ‘এটি তো এখনই বলা যাচ্ছে না। আগে মামলা হোক। মামলার পর তদন্তে যদি বের হয়, হবে। সবাই তখন দেখবে, ঘটনাটি কে ঘটিয়েছে। পরীর নাম যদি সত্যিই আসে, তখন তো আমার খারাপ লাগার কথা নয়। সবার আগে সত্য উদ্ঘাটন হোক।’
এর আগে সুনেরাহর দিকে অভিযোগের তীর নিক্ষেপ করে পরীমণি বলেছিলেন, ‘আমি শতভাগ নিশ্চিত, সুনেরাহ ইচ্ছা করে এসব ভিডিও ছড়িয়েছে। সবারটা গণহারে দিয়েছে, যাতে আমাকে ব্লেম করা যায়। এগুলো সব ওই মেয়েরই মাস্টারপ্ল্যান। আমি আমার জামাইয়ের সঙ্গে আলাপ করতে পারছি না। অথচ ওই মেয়ে বলছে, এটা যদি রাজ বলে…! আরে অদ্ভুত, তুই কি রাজকে শিখিয়ে দিবি, কী বলবে? তার মানে রাজ নিশ্চয় ওই মেয়ের কাছে কোনো কিছুতে ধরা আছে। ওই মেয়ে হয়তো রাজকে ব্ল্যাকমেল করবে—আমার তো এটাই আশঙ্কা হচ্ছে। আমি তো এখন নিশ্চিত, রাজ কারও দ্বারা ব্ল্যাকমেল হচ্ছে। না হলে রাজ কি কোথাও বলেছে, পরীকে সন্দেহ হয়? তাহলে ওই মেয়ে কেন বলল, রাজ যদি বলে…। ওই মেয়ে এত কনফিডেন্ট কেন।’
অন্যদিকে পরীমণির নাম উল্লেখ না করে ইঙ্গিতে সুনেরাহ বলেছিলেন, ‘দয়া করে এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করবেন না। আমি নিশ্চিত ওর (শরিফুল রাজ) আইডি হ্যাক হয়েছে। আর কে হ্যাক করেছে, আমরা সবাই সেটা জানি। প্রকাশ্যে হইচই করতে কোনো কারণ লাগে না যার (সেই করেছে)। এ ভিডিওগুলো যারা ছড়াবে, তাদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব আমি।’
