সামাজিক মাধ্যমে সরব বিতর্কিত লেখক তসলিমা নাসরিন। বিভিন্ন ইস্যুতে নেট দুনিয়ায় নিজের মত প্রকাশ করা তার যেন অভ্যাসে পরিণত হয়েছে। কখনও কারও প্রতি মুগ্ধতা প্রকাশ করেন। আবার কখনও সমালোচনায় দগ্ধ করেন অন্যকে। এবার তিনি হতাশ হলেন পরীমণির ওপর।
নিজের ফেসবুকে তসলিমা লিখেছেন, ‘বাংলাদেশের সিনেমার নায়িকা পরীমণিকে আমি ইনোসেন্ট এবং ইন্টেলিজেন্ট বলে মনে করি। তার স্বামী রাজের বিরুদ্ধে বেশ কয়েকমাস আগে জানিয়েছিলেন যে রাজ তার গায়ে হাত তোলেন এবং অতিষ্ট হয়ে তিনি রাজকে ত্যাগ করতে বাধ্য হচ্ছেন। কিছুদিন পর অবশ্য পরীমণি আপোষ করেছেন। আবার সেই স্বামীর সঙ্গেই বাস করতে শুরু করেছেন।’
এরপর তিনি লেখেন, ‘রাজের নায়িকা-বান্ধবীদের সঙ্গে কিছু ভিডিও রাজের ফেসবুক থেকে ভাইরাল হওয়ার পর পরীমণির দিকে অভিযোগের আঙুল তুলেছে অনেকে। কিন্তু পরীমণি রাখঢাক না করে এবার জানিয়ে দিয়েছেন যে রাজ তার সঙ্গে গত দশদিন যাবত থাকছেন না, অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই রাজের ফোন পরীমণির নাগালের বাইরে।’
তসলিমা আরও লেখেন, ‘আরও একটি তথ্য ফাঁস করেছেন পরী, তা হলো, রাজ এখন থাকছেন সুনেরাহ নামের এক নায়িকার সঙ্গে। কী হবে না হবে তা না ভেবে পরীমণি অপ্রিয় কিছু সত্য বলে ফেলেন, এ কারণেই তাকে আমার ভিড়ের বাইরের মানুষ বলে মনে হয়। অনেকটাই আলাদা।’
বিতর্কিত লেখক এ সময় লিখেছেন, ‘পরীমণি বলেছেন, রাজকে তার জীবন থেকে ছিনিয়ে নেওয়ার দায় সম্পূর্ণই সুনেহরার। তিনি সুনেরাহকে ভৎসর্না করলেন। আমি অবাক হলাম, রাজ যদি তার স্ত্রীকে ঠকিয়ে থাকেন, স্ত্রীকে চিট করে অন্য কারও সঙ্গে জীবন যাপন করেন, তা হলে দোষ রাজের না হয়ে অন্যের হবে কেন? পরীমণি রাজকে দোষ দিলেন না। তিনি দোষ দিলেন সুনেরাহকে, মেয়েটিকে।’
সবশেষে তসলিমা লিখেছেন, ‘অধিকাংশ মেয়েই পুরুষের দোষ দেখতে পান না। সমস্ত অঘটনের মূলে তারা মনে করেন, আছে মেয়েরাই। পরীমণিও তা-ই করলেন। ভিড়ে মিশে গেলেন।’
এর আগে মঙ্গলবার রাত দেড়টা নাগাদ নেটাগরিকরা যখন ঘুম ঘুম চোখে ফেসবুকে, তখন হঠাৎ ফাঁস হয় শরিফুল রাজের স্ক্যান্ডাল। এ অভিনেতার ফেসবুকে দেখা যায় সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে আপত্তিকর অবস্থার ছবি ও ভিডিও ক্লিপ। যা নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন তারা।
