ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সেখানে ব্যক্তিজীবন থেকে ক্যারিয়ার, এমনকি বিভিন্ন সমসাময়িক ইস্যুতে কথা বলে থাকেন। সাবেক স্বামী শাকিব খান এবং একমাত্র ছেলে আব্রাহাম খান জয়ের ব্যাপারেও একসময় বিভিন্ন পোস্ট দিয়েছেন এ অভিনেত্রী।
গত ২৩ মে ফেসবুকে এক পোস্টে এ নায়িকা লেখেন, ‘আত্মবিশ্বাসী নারী ঘৃণা ছড়ায় না।’ সেখানে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা তার এ উদ্ধৃতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। আবার অনেকে অভিনেত্রীকেই আত্মাবিশ্বাসী বলে উল্লেখ করেন মন্তব্যে।
এবার এ নায়িকা ফেসবুক ভেরিফায়েড পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন। ছবিতে তাকে নববধূর সাজে দেখা গেছে। হালকা সোনালি রঙের শাড়ি, সাদা ব্লাউজ এবং মানান সই গহনায় লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন এ সুন্দরী নায়িকা।
ছবিগুলোর ক্যাপশনে অপু লিখেছেন, ‘ভালোবাসা কোনো বাধা মানে না। সকল প্রতিবন্ধকতা পেরিয়ে এটি তার গন্তব্যে পৌছাবেই।’
নববধূর সাজে অপুকে দেখে ভক্তরাও যেনো বেশ খুশি হয়েছেন। সকলেই এই নায়িকাকে অভিনন্দন জানিয়েছেন মন্তব্য ঘরে। পাশাপাশি প্রশ্নও তুলেছেন কেনো তার এই নববধূর সাজ?
জানা গেছে, বুধবার (২৪ মে) নারায়ণগঞ্জের একটি বিউটি পার্লারের আয়োজনে গৌতম সাহার কোরিওগ্রাফিতে ফটোশুটে অংশগ্রহণ করেন তিনি।
এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, দীর্ঘদিন পরে গৌতম সাহার কোরিওগ্রাফিতে ফটোশুটে অংশ নিয়েছি। দারুণ শুট হয়েছে। দূর-দূরান্ত থেকে এখানে সাজতে আসে। মেকআপ-গেটআপ সবমিলিয়ে ভালো একটি ফটোশুট হয়েছে।
কোরিওগ্রাফার গৌতম সাহা বলেন, অনেকদিন পর অপু বিশ্বাসকে নিয়ে ফটোশুট করেছি। সবমিলিয়ে ভালো একটি ফটোশুট হয়েছে। বিশেষ করে আকলিমার মেকআপের প্রশংসা রয়েছে।
