সাঁথিয়ায় ধান কাটা নিয়ে খুনের অভিযোগ

মনসুর আলম খোকন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় জমি বিরোধের জেরে ধান কাটা নিয়ে সংঘর্ষে আব্দুল আউয়াল (৪৮) নামে একজন কৃষক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৮ মে) দুপুর ১২টার দিকে উপজেলার সেলন্দা গ্রামে। আহতদের সাঁথিয়া ও আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাঁথিয়া হাসপাতালে চিকিৎসাধীন মিঠু জানান, আদালতের ডিগ্রি পাওয়া আমার জমিতে আমি ধান লাগিয়েছি। আজ জানতে পারলাম, ওই জমিতে আনসার ও মুক্তারের লোকজন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সকালে ধান কাটতে যায়। খবর পেয়ে দুপুরের দিকে ওই জমিতে গেলে পূর্ব থেকে ওঁত পেতে থাকা জুলহাস, লিটন, বাবলু, হযরত, মান্নান আমাদের উপর হামলা করে। তারা আমাকে হত্যার উদ্দেশ্যে হাঁসুয়া দিয়ে কোপ দিলে আমি ঠেকানোর চেষ্টা করি। এতে আমার হাতের কবজির মাংস কেটে হাড়ে আঘাত প্রাপ্ত হই। আমাকে পাবনা মেডিক্যালে যেতে হচ্ছে এবং আমার চাচা আ: আওয়ালকে ফালা দিয়ে বুকে কোপ দিলে সে মারা যায়। এ সময় আহত হয় ৭/৮ জন। আহতরা হলো আজমতের ছেলে মিঠু (৪০), মজিবর (৬০), সিরাজুল, (২৫), হাসিনা (৫০)। মিঠু আরও জানান, এ জমি নিয়ে চেয়ারম্যানসহ গ্রামের প্রধানরা শালিসও করেছেন।

নাগডেমরা ইউপি চেয়ারম্যান মো: হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ নিয়ে শালিস দরবারও হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। তারপর বিস্তারিত বলতে পারবো।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি ঘটনাস্থলে রয়েছি। আসামীদের আটকের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এলাকার পরিবেশ শান্ত রাখা হয়েছে।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *