সেংশন প্রদানকারী দেশের সাথে সম্পর্ক রাখা নাগরিকদের স্বার্থের অনুকূলে- সুজন সম্পাদক

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: সুশাসনের জন্য নাগরিক-সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, বিশ্বের একটি প্রভাবশালী দেশ বাংলাদেশের উপর সেংশন দিয়েছে। সেই দেশ থেকে আমরা তেমন কিছু কেনাকাটা করি না, বরং সেখানে রপ্তানী করি। তাই সেংশন প্রদানকারী দেশের সাথে সম্পর্ক রাখা নাগরিকদের স্বার্থের অনুকূলে। সরকার যেন ভেবে, চিন্তে, বুঝে-শুনে, জনগণের কল্যানে পদক্ষেপ গ্রহণ করে এটি সবার চাওয়া। এছাড়া ওই দেশে আমাদের অনেক প্রবাসী রয়েছে, তারা দেশে রেমিট্যান্স পাঠায়। এসব বিষয় ভেবে দেখতে হবে।

বুধবার সন্ধ্যায় রঙ্গপুর সাহিত্য পরিষদ হলরুমে রংপুর জেলা ও মহানগর সুজনের আয়োজনে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সুজন সম্পাদক বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের বিকল্প থেকে বেছে নেওয়ার সুযোগ তৈরী করে দিতে হবে। নিরপেক্ষতা, প্রতিদ্বন্দ্বিতামূলক ও বিশ্বাসযোগ্যতা না থাকলে সেটিকে নির্বাচন বলা যায় না। তাই আগামী নির্বাচন নিরপেক্ষ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও বিশ্বাসযোগ্য হবে এটি সকল মানুষের চাওয়া। এটি হলে দেশ গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, প্রত্যেক রাজনৈতিক দলের আদর্শ থাকে, কর্মসূচী থাকে। সেটি বাস্তবায়ন করে তারা ক্ষমতায় গিয়ে। আর ক্ষমতায় যাওয়ার একমাত্র পথ হচ্ছে নির্বাচন। রাজনৈতিক দলগুলো নির্বাচনে আসবে এটি স্বাভাবিক। কিন্তু এজন্য নির্বাচন কমিশনকে সকলের জন্য সমতল মাঠ তৈরী করতে হবে। সবাই যেন সমান সুযোগ পায় এটি নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীকেও। কারণ নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীরও একটি বড় প্রভাব রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, সুজন রংপুর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, মহানগর সুজনের সভাপতি খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, সাধারণ সম্পাদক মেজর (অব.) নাসিম উদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমানসহ সুজনের সদস্যরা।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *