ক্ষমতা কচুপাতার শিশির বিন্দুর মতো, আজ আছে কাল নেই: কাদের

নজর২৪, ঢাকা- ক্ষমতা কচুপাতার শিশির বিন্দুর মতো, আজ আছে কাল নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

 

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ক্ষমতা আজ আছে কাল নেই। কচুপাতার শিশির বিন্দুর মতো। খারাপ আচরণ উন্নয়নকে ম্লান করে দেয়। যদি আপনাদের আচরণ খারাপ হয়। তরুণ প্রজন্মের মাঝে একটি প্রবণতা আছে যে রাজনীতিতে নাম লিখিয়ে অর্থ উপার্জন করতে চায়। রাজনীতিতে নেতারা হবে আদর্শ শিক্ষকের মতো। দেশপ্রেম থাকতে হবে, মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে।

 

তিনি আজ সোমবার (২৩ নভেম্বর) সকালে নোয়াখালী জেলায় তার নির্বাচনি এলাকা কোম্পানীগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং অসচ্ছল, ত্যাগী ও প্রয়াত নেতাকর্মীদের পরিবারের মাঝে অনুদান বিতরণ ও প্রয়াত নেতাকর্মীদের স্মরণ সভায় একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

 

এসময় কাদের বলেন, একটি দল দেশের শান্তি নষ্ট করে, স্থিতিশীলতার পরিবর্তে পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য এমন কোনো অপচেষ্টা নেই যা তারা করছে না। তবে নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই। তারা মুখে গণতন্ত্রের কথা বলে। প্রকাশ্যে এবং গোপনে অগণতান্ত্রিক চর্চা করে। যে ফল তারা বয়ে আনতে চাইছে তা কখনো আসবে না।

 

তিনি বলেন, তারা রাজপথ দখলের হুমকি দিচ্ছে। জনগণ আপনাদের কাছে রাজপথ লিজ দেয়নি যে আপনারা দখলে নিবেন। অপদখল থেকে কিভাবে রাজপথ মুক্ত করতে হয় জনগণ তা জানে, আওয়ামী লীগ তা জানে। শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে আসুন, সহযোগিতা পাবেন। বিএনপি নেতাদের কেউ কেউ একটি সুযোগের অপেক্ষায়। আমরা জানতে চাই, তারা কোন সুযোগের অপেক্ষায়। চোরা গলি দিয়ে তারা ক্ষমতায় যাওয়ার পথ খুঁজছে। বিএনপির সব ষড়যন্ত্রের জবাব আওয়ামী লীগের কাছে আছে। আওয়ামী লীগকে রাজপথের ভয় দেখাবেন না। রাজপথে আন্দোলনে আপনাদের সক্ষমতা কতটুকু ইতিমধ্যে দেশের জনগণ বুঝে গেছে।

 

সেতুমন্ত্রী বলেন, ‘আমার নির্বাচনি এলাকায় নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যে প্রায় সবকিছুই পূরণ করা হয়েছে। প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। গ্যাস সরবরাহ শিগগিরই দেওয়া হবে।’

 

নোয়াখালীতে ইতোমধ্যেই সড়ক যোগাযোগ অবকাঠামো উন্নয়নে প্রকল্প হাতে নেওয়া হয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘ফেনী-চৌমুহনী-সোনাপুর চার লেন প্রকল্প চলমান রয়েছে। রেল যোগাযোগ আরও উন্নত করতে নেওয়া হচ্ছে পরিকল্পনা। দাগনভূইয়া-বসুরহাট-কবিরহাট-সোনাপুর সড়ক প্রশস্তকরণ ছাড়াও কবিররহাট-সোনাপুর সড়কের বাঁক সরলীকরণ করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *