Home বিনোদন এত বছর পরও মনে হয় কেন অভিনয় করি: তারিক আনাম খান

এত বছর পরও মনে হয় কেন অভিনয় করি: তারিক আনাম খান

0
119

তারিক আনাম খানের মঞ্চে অভিনয় শুরু ১৯৭২ সালে। তারপর টেলিভিশনে প্রথম নাটকে অভিনয় করেন কবরীর বিপরীতে। প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা লাল সবুজের পালাতেও নায়িকা ছিলেন কবরী। মঞ্চ নাটকের দল নাট্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা তিনি। তার হাত ধরে উঠে এসেছেন অনেক অভিনেতা। আজও অভিনয়ে সরব তিনি। ১০ মে ছিল তার জন্মদিন। বিশেষ দিনে একটি জাতীয় দৈনিকের সঙ্গে কথা বলেছেন তিনি।

তারিক আনাম খান বলেন, ‘মুক্তিযুদ্ধ করে স্বাধীন দেশের নাগরিক হলাম। ১৯৭২ সাল থেকে মঞ্চে অভিনয় শুরু করি শিল্পকে ভালোবেসে। তার আগেও সাতক্ষীরায় নিজ শহরে থাকার সময় সংস্কৃতিচর্চার সঙ্গে যুক্ত ছিলাম। কিন্ত দেশ স্বাধীনের পর সিদ্ধান্ত নিই অভিনয়টাই করব, শিল্পের পথে থাকব। সেভাবেই ঢাকা চলে আসি এবং কাজ শুরু করি।

পেছন ফিরে তাকালে কত কী দেখতে পাই, কত স্মৃতি ভেসে উঠে চোখের সামনে। কতটা পথ হেঁটে এসেছি। ৫০টা বছর তো কম নয়! কিন্ত একই পথে আছি। অন্য কোনো পথে যাইনি কিংবা টানেনি। আজ এত বছর পর মনে হয় অর্থপূর্ণ কিছু করতে পেরেছি। জন্মদিন এলে দেখতে পাই অনেক মানুষ আমাকে ভালোবাসে।

মানুষের ভালোবাসা আমাকে স্পর্শ করে। কেউ কেউ আমাকে শিক্ষক, গুরু, ওস্তাদ মনে করে। হয়তো কিছু একটা করতে পেরেছি বলেই মানুষ আমাকে ভালোবাসে। এটা আমার পরম প্রাপ্তি।

এত বছর পরও মনে হয় কেন অভিনয় করি? আমার কাছে সহজ উত্তর, অভিনয় করি ভালোবাসা থেকে। নাটকে ও সিনেমায় অভিনয় করতে এবং পরিচালনা করতে ভালোবাসি। যখন মুক্তিযুদ্ধ করি, যখন দিল্লিতে পড়ালেখা করতে যাই, তখনই ভেবেছিলাম আমার দায় আছে দেশের প্রতি এবং শিল্পের প্রতি। সেই দায় থেকে একটুও সরিনি।

জন্মদিনটি আমাকে ইমোশনাল করে। মানুষের ভালোবাসা আমাকে ইমোশনাল করে। আমার একটাই ইচ্ছে, যতদিন বাঁচি শিল্পের পথে থেকে, শিল্পের মাধ্যমে কিছু করে বাঁচতে চাই। খুব সস্তা হইনি কখনো। হতে পারিনি, পারব না। আমার নিজের কাছে ভালো না লাগলে কোনো কাজ করি না। শিল্প আমাকে এভাবেই পথচলা শিখেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here