Home ফিচার সুপার সাইক্লোনে পরিণত হলো ‘মোখা’, বাতাসের গতিবেগ ২৪০ কি.মি

সুপার সাইক্লোনে পরিণত হলো ‘মোখা’, বাতাসের গতিবেগ ২৪০ কি.মি

0
124

ঘূর্ণিঝড় মোখা সুপার সাইক্লোনে রূপ নিয়েছে। শনিবার (১৩ মে) ঘূর্ণিঝড় লাইভ ট্র্যাকিং ওয়েবসাইট জুম ডট আর্থ এবং উইন্ডি ডটকম এ তথ্য জানিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নি সেন্টারের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।

শনিবার রাত পৌনে ১১টায় সামাজিক যোগাযোগমাধ্যমে মোস্তফা কামাল পলাশ জানান, শনিবার রাত ৯টার দিকে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা সুপার সাইক্লোনে রূপ নেয়। এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৪০ কিলোমিটার।

অন্যদিকে উইন্ডি ডটকমের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ৮টার দিকে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা সুপার সাইক্লোনে রূপ নেয়।

এর আগের এক পূর্বাভাসে মোস্তফা কামাল পলাশ জানিয়েছিলেন, রাত ৩টা থেকে ভোর ৬টার মধ্যে ঘূর্ণিঝড় মোখার অগ্রবর্তী অংশ সেন্টমার্টিন দ্বীপে আঘাত হানতে শুরু করবে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৮০ থেকে ৯০ শতাংশই কক্সবাজার জেলার ওপর দিয়ে অতিক্রম করতে পারে বলে সতর্ক করেছেন এ গবেষক।

এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসেও বলা হয়েছে, মোখা বর্তমান গতিতে অগ্রসর হতে থাকলে শনিবার মধ্যরাত নাগাদ কক্সবাজার, চট্টগ্রাম ও বরিশালসহ তৎসংলগ্ন এলাকায় প্রভাব ফেলতে শুরু করতে পারে। এর ফলে প্রবল বাতাস, বৃষ্টি ও ঢেউ উপকূলে আঘাত হানবে, যা বিধ্বংসী পরিণতি বয়ে আনতে পারে বলে ‍হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজারসহ এ অঞ্চলের সবাইকে সরকারি নির্দেশনা মেনে নিরাপদ আশ্রয় থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here