ইউটিউবার থেকে তারকা হয়ে ওঠা সালমান মুক্তাদির সবসময় আলোচনায় থেকেছেন একাধিক প্রেম নিয়ে। প্লে-বয় তকমাটা তার নামের সঙ্গে জুড়ে গিয়েছিল পাকাপাকিভাবে। যদিও এসব নিয়ে কখনও মাথা ঘামাননি তিনি। বরং নিজের মতো করে জীবনটা উপভোগ করে গেছেন। কেউ কিছু বলতে গেলে তাকে পাল্টা দু-চার কথা শুনিয়ে দিয়েছেন।
তবে এবার প্লে-বয় ইমেজ থেকে বেরিয়ে আসলেন সালমান। থিতু হলেন এক নারীতে। গেল ৩০ এপ্রিল বিয়ে করেছেন তিনি। সামাজিক মাধ্যমে নিজেই এই তথ্য জানান এই ইউটিউবার-অভিনেতা।
তবে কেউ কেউ এটা বিশ্বাস করতে পারছেন না। এর পেছনে অবশ্য কারণও আছে। ভিডিওতে সাধারণত অনুরাগীদের বোকা বানানোর জন্য প্রাঙ্ক বা মজা করে থাকেন। এই বিয়ের ছবিগুলো তেমনই প্রাঙ্ক কি না—সন্দেহ তাদের। বিষয়টি এড়িয়ে যাননি সালমান। অনুরাগীদের সন্দেহ দূর করতে জানিয়েছেন, সত্যিই বিয়ে করেছেন তিনি।
নিজের ফেসবুক পেজের স্টোরিতে সালমান লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আমাদের বিয়েটা সত্যি। আমার বাড়ির পাশের মসজিদে আমি এবং আমার স্ত্রী বিয়ে করেছি। নতুন পরিবার ও সম্পর্কের শুরু নিয়ে আমরা এখন খুবই ব্যস্ত। আমরা আমাদের বিয়েটা খুব সহজ রাখতে চেয়েছি।’
তিনি আরও লেখেন, ‘এই মুহূর্তে বিনয়ের সঙ্গে মিডিয়া কাভারেজ ও ইন্টারভিউ থেকে দূরে থাকতে চাইছি। এছাড়া যেসব মানুষ আমাদের সম্পর্কের মধ্যে বিষাক্ত ও নেতিবাচক কিছু খুঁজছেন, তারা মানুষের সুখের মুহূর্তে পাশে দাঁড়াতে পারে না। সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’

সবশেষে এ ইউটিউবার-অভিনেতা লেখেন, ‘আমি এখন ভালো স্বামী হওয়ার চেষ্টা করব।’
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে বিয়ের ঘোষণা দেন সালমান মুক্তাদির। মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সালমান লিখেছেন, ‘আমার প্রিয় স্ত্রী, আমার বাকি জীবনের সঙ্গী।’ সঙ্গে তারিখ জুড়ে দিয়েছেন ৩০ এপ্রিল ২০২৩।
স্ত্রীর ছবি প্রকাশ করলেও নাম, পরিচয়—কিছুই জানাননি সালমান।
ঘোষণাটি দেওয়ার পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। সালমান মুক্তাদিরকে শুভেচ্ছা জানিয়েছেন আরিফিন শুভ, পরীমনি, প্রভা, আয়মান সাদিক, সুনেরাহ বিনতে কামাল, তানজিয়া মিথিলা, নিশাত প্রিয়ম, জেফার, পুতুল, প্রীতম হাসান, শামীম হাসানসহ আরও অনেকেই।
এর আগে মিস ইউনিভার্স বাংলাদেশ জেসিয়া ইসলামের সঙ্গে সালমানের প্রেমের খবর ছড়িয়েছিল। দেড় বছরের ব্যবধানে সেই সম্পর্কে ইতি ঘটে।
২০১২ সাল থেকে ইউটিউবে ভিডিও নির্মাণ করেন সালমান, দেশের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবারদের একজন হিসেবে বিবেচনা করা হয় তাঁকে। তাঁকে বেশ কয়েকটি নাটক ও মিউজিক ভিডিওতেও পাওয়া গেছে।
