মালয়েশিয়ায় বৃহস্পতিবার (২০ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে, দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শনিবার (২২ এপ্রিল)। মালয়েশিয়ার ‘কিপার অব দ্য রুলারস সিল’ সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। খবর মালয় মেইলের।
তিনি বলেছেন, ইয়াং ডিপারতুয়ান আগাং (প্যারামাউন্ট রুলার প্রধান) আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহ মালয়েশীয় শাসকদের সঙ্গে আলোচনার পরে ঈদের তারিখ ঘোষণায় সম্মতি দিয়েছেন।
শনিবার ঈদ হওয়ায় এ বছর একদিন বেশি ছুটি পাচ্ছেন মালয়েশীয়রা। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আগেই ঘোষণা দিয়েছিলেন, শনিবার ঈদ হলেও শুক্রবার থেকেই শুরু হবে সরকারি ছুটি। আর ঈদের দ্বিতীয় দিনের ছুটি রোববারে পড়ায় সেটি পাওয়া যাবে সোমবার।
এদিকে, মালয়েশিয়ার মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও বৃহস্পতিবার খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা নেই। ওই অঞ্চলের ১৩টি আরব দেশের ২৫ জন জ্যোতির্বিদ্যা বিশেষজ্ঞ যৌথভাবে এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন।
