ফারিণের সঙ্গে প্রেম ও বিয়ের খবরে মুখ খুললেন তাহসান খান

প্রেম করছেন তাহসান খান ও তাসনিয়া ফারিণ! গত কয়েক দিন ধরে নাটকপাড়ার বাতাসে জোর গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। শুধুই কি প্রেম? না, আরও একধাপ বাড়িয়ে বিয়ের কথাও সামনে আনা হচ্ছে। চুপিসারে নাকি সংসার পেতেছেন এই তারকা জুটি। এবার প্রেম ও বিয়ে বিষয়ে মুখ খুললেন উভয়েই।

বাতাসে ভেসে বেড়ানো গুঞ্জনটিকে গুঞ্জনেই সীমাবদ্ধ রাখতে চাইছেন তাহসান-ফারিণ। দুজনেই বিষয়টিকে বানোয়াট ও সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন।

এ প্রসঙ্গে ফারিণ বলেন, আমি বরাবরই চুপচাপ কাজ করেছি। আমার ব্যক্তিজীবন সব সময় লাইমলাইটের বাইরে রাখতে পছন্দ করি। খুব কম মানুষই ব্যক্তিগত ফারিণকে চেনে। কিছু না বলার অর্থ এই নয় যে, কিছু বলার ক্ষমতা আমার নেই। বাক-স্বাধীনতার অপব্যবহার রোধে আমার যা করণীয় তা করব।’

এ অভিনেত্রী আরও লেখেন, ‘আমার ব্যক্তিজীবন নিয়ে মনগড়া গল্প ছড়ানোর অধিকার আমি কাউকে দেইনি। কেউ সেটা করলে আমি সহ্য করব না। সম্পূর্ণ কাল্পনিক একটা বানোয়াট গল্পের ব্যাখ্যা দেয়ার প্রয়োজন বোধ করি না আমি। আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই, আমার ব্যক্তিজীবন নিয়ে জানানোর মতো কোনো খবর এই মুহূর্তে নেই।’

বিষয়টি নিয়ে তাহসানের ভাষ্য, ‘কয়েক দিন পরপরই শোনা যায়, আমি আর ফারিণ নাকি সংসার করছি! এটা নানাভাবে অনলাইন মাধ্যমে আসছে। বিশেষত অনলাইন মিডিয়াতে নাকি আসছে!’

হঠাৎ কেন গুঞ্জন চাউর হলো? প্রশ্নের জবাবে তাহসান বলেন, ‘বছর তিনেক আগে আমি ও ফারিণ একটি নাটকে অভিনয় করেছিলাম। যেটার সিক্যুয়েলও হয়। নাটকের গল্প সংসারজীবন নিয়ে। এরপর থেকে বেশ কয়েকটি ভুঁইফোঁড় অনলাইন মাধ্যম নাটকের গল্পটা বাস্তবের মতো করে শিরোনাম করতে থাকে। কখনো লেখা হয়, সংসারজীবনে তাহসান-ফারিণ, আবার কখননো সংসার জীবনের নতুন অধ্যায়। শুধু ক্লিকবিটের কারণেই বারবার আমাদের এভাবে সামনে আনা হয়। এটা খুবই বিব্রতকর।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *