Home ফিচার এবার ঈদে মোটরসাইকেল চালকদের জন্য সুখবর

এবার ঈদে মোটরসাইকেল চালকদের জন্য সুখবর

0
288

আসন্ন ঈদুল ফিতরের সময় পদ্মা সেতু ছাড়া সব জায়গায় মোটরসাইকেল চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার (৯ এপ্রিল) রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে ঈদযাত্রার প্রস্তুতি নিয়ে এক সভায় তিনি একথা জানান।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু ছাড়া সব জায়গায় মোটরসাইকেল চলবে। মোটরসাইকেল ফেরি দিয়ে পদ্মা নদী পার হবে। তিনি অন্যান্য রুটে মোটরসাইকেলের জন্য আলাদা টোল প্লাজা করার নির্দেশনা দেন।

এর আগে ঈদের সাত দিন মহাসড়কে বাইক চালানো যাবে না বলে নির্দেশনা দিয়েছিল সড়ক বিভাগ। এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এবার বাইক চলাচলে থাকছে না কোনো বিধিনিষেধ।

অন্যান্য যানবাহন চলাচলের বিষয়ে মন্ত্রী বলেন, ঈদের আগে তিন দিন মহাসড়কে বন্ধ থাকবে ট্রাক চলাচল, তবে ঈদের আগে পাঁচ দিন এবং পরের সাত দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে পেট্রল পাম্প।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে দায়িত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, যার যে দায়িত্ব তিনি সেভাবে পালন করুন। এটা হলো আপনাদের কাছে আমার অনুরোধ।

তিনি বলেন, সবচেয়ে বড় ঘাটতি আমাদের শৃঙ্খলার। সড়কে সেটা কার্যকর হয়নি। পরিবহনেও হয়নি। আরও অনেক জায়গায় ছয় লেন বা আট লেন করার পরিকল্পনা আছে। তবে ডিসিপ্লিন কীভাবে কার্যকর করতে পারা যাবে সেটাই সবচেয়ে চ্যালেঞ্জ। ডিসিপ্লিন থাকলে যানজট ও দুর্ঘটনা কমবে। এখন গতানুগতিক একটা মিটিং করে ও বক্তব্য দিয়ে যদি মনে হয় দায়িত্ব শেষ হয়ে গেছে… তাহলে শৃঙ্খলা ফেরানো যাবে না।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান, সড়ক ও সেতু সচিব এ বি এম আমান উল্লাহ নুরী, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েত উল্লাহ ও যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here