আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার করা হলো ডোনাল্ড ট্রাম্পকে। মঙ্গলবার নিউইউর্কের ম্যানহাটন আদালতে আত্মসমর্পণের কথা ছিল তার। আদালতে পৌঁছার পর গ্রেপ্তার দেখিয়ে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে হেফাজতে নিয়েছে পুলিশ। এরপর শুরু হয়েছে শুনানি।
ট্রাম্পই প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অভিযোগের মুখোমুখি হলেন। ৭৬ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট আদালতে হাজির হয়ে পর্ন তারকা স্টরমি ড্যানিয়েলসকে ২০১৬ সালের নির্বাচনের আগে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগের বিষয়ে কথা বলবেন।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি স্টর্মি ড্যানিয়েলস নামে ওই নারীর সঙ্গে তার সম্পর্ক গোপন রাখার বিনিময়ে এক লাখ ৩০ হাজার ডলার অর্থ প্রদান করেছেন।
পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় আদালতে আত্মসমর্পণ করার জন্য আজ সকালে ফ্লোরিডা থেকে ব্যক্তিগত উড়োজাহাজে করে নিউইয়র্কে পৌঁছান ট্রাম্প। বোয়িং ৭৫৭ মডেলের ওই উড়োজাহাজটিতে লেখা তার নামটি ছিল চোখে পড়ার মতো। আড়াই ঘণ্টা পর সেটি নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে অবতরণ করে।
ট্রাম্পের উপস্থিতি ঘিরে শুধু ম্যানহাটান নয়, পুরো নিউইয়র্কের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাম্প টাওয়ারসহ ম্যানহাটানের ফিফথ অ্যাভিনিউজুড়ে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ।
গত ৩০ মার্চ নিউ ইয়র্কের ম্যানহ্যাটনের গ্র্যান্ড জুরি আদালত ট্রাম্পকে অভিযুক্ত করেন।
