কী এমন উন্নয়ন করছে, আগুন নেভানো যাচ্ছে না: মির্জা ফখরুল

রাজধানীর বঙ্গবাজারে আগুন লাগার জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে সব ধূলিসাৎ হয়ে গেছে। এর আগে বনানীতে এমন ঘটনা ঘটেছে। এর কারণ হলো সরকারের যে প্রতিষ্ঠানগুলো দেখভাল করার দায়িত্বে রয়েছে তারা উপযুক্ত নয়। তারা কী এমন উন্নয়নের কাজ করছে যে আগুন নেভানোর মত বিভাগ পর্যন্ত তাদের নেই। বঙ্গবাজারে ৪০টির বেশী ফায়ার সার্ভিস কাজ করেও আগুন নেভাতে পারেনি।

মঙ্গলবার (০৪ এপ্রিল) বিকালে ঠাকুরগাঁও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, চারদিকে শুধু উন্নয়নের গল্প। এমন উন্নয়নের রোল মডেল হয়েছে ব্যাংক লোপাট হচ্ছে, রিজার্ভ ফান্ড হ্যাকড হয়ে যাচ্ছে। সারাদেশে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রের দাম বাড়ছে সেগুলোর দিকে সরকারের কোন নিয়ন্ত্রণ নেই।

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার নাম করে মানুষের যে অধিকার তা খর্ব করা হচ্ছে। সেই সাথে সংবাদকর্মীদের স্বাধীনভাবে লেখার যে স্বাধীনতা তা খর্ব করা হচ্ছে। প্রথম আলোর প্রতিনিধিকে অপহরণ করে মামলা দেওয়া হয়েছে। সম্পাদক মতিউর রহমানের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এর আগে আমার দেশ, যায়যায়দিন ও দৈনিক সংগ্রামের সম্পাদককে কারারুদ্ধ করে তাদের দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। এইভাবে প্রতিনিয়ত মানুষের অধিকার হরন করছে। তারা দেশকে এখন একনায়কতন্ত্রে পরিণত করেছে।

ফখরুল বলেন, আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণরুপে ভেঙে দিয়েছেন। ২০১৪ ও ২০১৮ সালের মত নির্বাচন নিয়ে তারা আবার তামাশা শুরু করেছে। তবে আমরা এবার কোন তামাশায় বিশ্বাস করিনা। আমরা বিশ্বাস করি জনগণ যেখানে ভোট দিতে পারবে তার মতামত প্রকাশ করতে পারবে এমন নির্বাচনে। তবে আওয়ামীলীগ সরকারে থাকলে তা কখনোই সম্ভব নয়।

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, আইনজীবী ফোরামের সভাপতি আব্দুল হালিমসহ দলটির নেতৃবৃন্দ ও আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *