বঙ্গবাজারের ব্যবসায়ীদের ইফতারে ২০ হাজার টাকা দিচ্ছেন সাকিব

পুড়ে ছারখার রাজধানীর অন্যতম বৃহত্তম মার্কেট বঙ্গবাজার। চারদিকে শুধু চিৎকার আর হাহাকার। সব হারিয়ে পথে বসেছেন হাজারো ব্যবসায়ী। এই দুর্দিনে তাদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। সতীর্থদেরও পাশে থাকার আহ্বান জানিয়েছেন। নিজেও অনুদান দিয়েছেন ২০ হাজার টাকা।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট খেলতে নামে বাংলাদেশ। মাঠে নামার আগেই তারা জেনেছেন অগ্নিকাণ্ডের কথা। তবে প্রথম দিনের খেলা শেষেই সামাজিকমাধ্যমে এক বিবৃতি দিয়ে সকলকে পাশে থাকার আহ্বান জানান এ অলরাউন্ডার।

বঙ্গবাজার পুড়ে যাওয়ার একটি ছবি আপলোড করে সাকিব লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, সবাইকে রমজানুল মোবারক! আমি নিশ্চিত এখন পর্যন্ত আপনারা সবাই বঙ্গবাজার মার্কেটের মর্মান্তিক ঘটনার কথা শুনেছেন, এই অগ্নিকাণ্ডে সবাই তাদের ব্যবসা ও আয়ের মাধ্যম হারিয়েছে। রমজান মাসে এটি এখন খুব কঠিন সময় হয়ে দাঁড়িয়েছে।’

‘তাই আমি, আমার সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে আগামীকালের ক্ষতিগ্রস্তদের ইফতারের জন্য ২০,০০০ টাকা অনুদান প্রদান করব। এই ইফতারের আয়োজনটি সমন্বয় করবে মাস্তুল ফাউন্ডেশন।’

শুধু নিজেই নয়, সাকিব পরের ইফতার দিতে মনোনয়ন করেছেন সতীর্থ তাসকিন আহমেদকে। বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক লিখেছেন, ‘পরবর্তী ইফতারের জন্য আমি তাসকিন আহমেদকে ২০ হাজার টাকা প্রদান করার জন্য মনোনয়ন করতে চাই।’

সাকিব সবাইকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন, ‘এই মর্মান্তিক ভয়ানক পরিস্থিতিতে আমরা আমাদের ক্ষতিগ্রস্ত ভাই ও বোনদের সহায়তা করতে নিজ উদ্যোগে এগিয়ে আসতে পারি। আসুন এখন একে অপরের পাশে দাঁড়াই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *