সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: রংপুর জেলা ও মহানগর বিএনপির অবস্থান কর্মসূচি পালন করা নিয়ে পুলিশের সাথে বিএনপি নেতা কর্মীদের কথাকাটাকাটি ধাক্কাধাক্কি ঘটনা ঘটেছে। তবে শেষ পর্যন্ত দলীয় কার্যালয়ের গলিতে ত্রিপল বিছিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে দলের নেতা কর্মীরা।
শনিবার (১ এপ্রিল) দুপুর ২ টা থেকে ৩ টা পর্যন্ত নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে কর্মসূচি পালন করা হয়। এর আগে দুপুর ১২ টা থেকে বিএনপি দলীয় কার্যালয় ও আশে পার্শ্বে পুলিশ অবস্থান নেয়। দুপুর পৌনে ২ টার দিকে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের গলি দিয়ে দলের নেতা কর্মীরা বের হয়ে নগরীর প্রধান সড়কে আসার চেষ্টা করলে পুলিশ তাদের বাঁধা দেয়। এ নিয়ে বিএনপির নেতাদের সাথে পুলিশের কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশ তাদের নগরীর প্রধান সড়ক বাদ দিয়ে দলীয় কার্যালয়ের গলিতে কর্মসূচি পালনের আহবান জানান। পরে নেতা কর্মীরা গলির মধ্যেই তাদের অবস্থান কর্মসূচি পালন করে।
সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক সামসুজোহা খান, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান শামু, সদস্য সচিব এডভোকেট মাহফুজুর নবী ডন, রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন পুলিশ তাদের শান্তিপুর্নভাবে সমাবেশ করতে দিচ্ছেনা। এ অবস্থা বেশিদিন চলতে দেয়া হবেনা বলে হুশিয়ারী উচ্চারন করেন বক্তারা। বিএনপি ঘোষিত ১০ দফা কর্মসূচি এবং রাষ্ট্র মেরামতের ২৭ দফা কর্মর্সূচি দেশের জনগনের মাঝে ব্যাপক সাড়া মিলেছে। সেই সাথে নিত্যপ্রয়োজনীয় জিনিষ পত্রের অস্বাভাবিক মুল্য বৃদ্ধি নিয়ন্ত্রনে সরকার নিয়ন্ত্রনে সম্পূর্ন ব্যর্থ হয়েছে। সে কারণে এ সরকারকে পদত্যাগে বাধ্য করে নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন অনুষ্ঠান করার জন্য বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষনা দেয়া হয়।
এসএইচ
