প্রথমবার মেয়েকে নিয়ে ভারতে প্রিয়াঙ্কা চোপড়া

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ২০২২ সালের জানুয়ারিতে কন্যা সন্তানের মা হয়েছেন। স্বামী নিক জোনাসের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাসের কারণে সেখানেই সন্তানের জন্ম হয়েছে। এরপর একাধিকবার প্রিয়াঙ্কা নিজ দেশ ভারতে এসেছেন। তবে সেসব সফরে ছিলেন না কন্যা মালতি ম্যারি জোনাস।

অবশেষে মায়ের দেশে এলেন মালতি। শুক্রবার (৩১ মার্চ) বিকালে কন্যাকে নিয়ে মুম্বাই এয়ারপোর্টে নামেন প্রিয়াঙ্কা ও নিক। কোনো লুকোছাপা নয়, কন্যাকে কোলে নিয়েই ক্যামেরায় পোজ দিয়েছেন। গোলাপি রঙা থাই স্লিট স্কার্ট আর ক্রপ টপে ধরা দিয়েছেন লাস্যময়ী এ অভিনেত্রী। পাশে জিন্স আর হুডি জ্যাকেটে ক্যাজুয়াল লুকে নিক।

এদিন মালতির দেখা মিলল ছাই রঙা ফ্রকে। পাপারাৎজিদের ক্যামেরা থেকে মেয়েকে আড়াল করলেন না নিকিয়াঙ্কা। বরং মন খুলে পোজ দিলেন ছবির জন্য।

একরাশ ক্যামেরার ঝলকানি দেখে খানিক অপ্রস্তুত হয়ে পড়ে মালতি, তবে মেয়েকে সামলে নেন প্রিয়াঙ্কা। মালতিকে কোলে নিয়েই ছবির জন্য পোজ দিলেন অভিনেত্রী।

দীর্ঘদিন পর পিগি চপসের দেখা পেয়ে উচ্ছ্বসিত সকলেই। হাত নেড়ে চিত্র সাংবাদিকদের সঙ্গে অভিবাদন বিনিময় করেন প্রিয়াঙ্কা।

পিগি চপস এরইমধ্যে হলিউডে নিজের অবস্থান গড়ে তুলেছেন। কাজ করেছেন জ়্যাক এফ্রন, লিয়াম হেমসওয়ার্থ, অ্যাডাম ডিভাইন, রেবেল উইলসনের মতো তারকার সঙ্গে। বর্তমানে তিনি ব্যস্ত জনপ্রিয় সিরিজ ‘সিটাডেল’ নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *