আইরিশদের বিপক্ষে প্রথম দুই ম্যাচে দাপুটে জয় পেলেও, শেষ ম্যাচে এসে ভরাডুবি বাংলাদেশের। শুরুতে টাইগার ব্যাটারদের ব্যর্থতা, পরবর্তীতে বোলারদের দায়িত্বহীনতার বলি হয়ে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে হারের স্বাদ পেতে হয়েছে স্বাগতিকদের। তবে সাত উইকেটে ম্যাচ হারলেও সাকিব জানালেন, অ্যাপ্রোচ না বদলে সামনের দিনগুলোতে আক্রমণাত্মক মেজাজেই খেলবেন তারা।
সাগরিকায় শুক্রবার সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন সাকিব। সেখানে তিনি বলেন, ‘আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকি। আমরা সিরিজের প্রথম দুই ম্যাচে যে আক্রমণাত্মক ক্রিকেট খেলেছি, আজও সেভাবেই খেলতে চেয়েছি। দ্রুত উইকেট পতনের পরও আমরা মারমুখি ক্রিকেট খেলার পরিকল্পনা থেকে বের হইনি। আমরা যদি ভালো দল হতে চাই, তাহলে আক্রমণাত্মক ক্রিকেটই খেলতে হবে।’
এদিকে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাট করতে নেমে শামিম হোসেনের ব্যাটে ১২৪ রানের সংগ্রহ পায় টাইগাররা। শামিম সর্বোচ্চ ৫১ রান করেন। রনি তালুকদার ১৪, নাসুম আহমেদ ১৩ ও তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে আসে ১২ রান। আর আয়ারল্যান্ডের হয়ে ৩টি উইকেট নেন মার্ক অ্যাডায়ার।
১২৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আয়ারল্যান্ড। পল স্টার্লিং ৭৭, কার্টিস ক্যাম্ফার ১৬ ও হ্যারি টেক্টর করেন ১৪ রান। টাইগারদের হয়ে একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ও রিশাদ হোসেন।
৩৬ বল বাকি থাকতেই ৭ উইকেটের এই দাপুটে জয়ে ধবলধোলাই এড়াল আয়ারল্যান্ড। আর বাংলাদেশকে সন্তুষ্ট থাকতে হলো ২-১ ব্যবধানে সিরিজ জিতেই। টানা ৫ ম্যাচে জয়ের পর অবশেষে হারের স্বাদ পেল সাকিব-মুস্তাফিজরা।
