মানুষের রুচি পরিবর্তনে মামুনুর রশীদ কী কাজ করেছেন, প্রশ্ন হিরো আলমের

কয়েকদিন আগে অভিনয় শিল্পী সংঘের একটি অনুষ্ঠানে নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক মামুনুর রশিদ বলেন, ‘রুচির দুর্ভিক্ষে উত্থান হয়েছে হিরো আলমের।’ অভিনেতার এ মন্তব্যের পর থেকে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মহলে নানা কথা হচ্ছে। কেউ অভিনেতার পক্ষে, আবার কেউ কটাক্ষ করছেন।

বর্ষীয়ান অভিনেতা মামুনুর রশীদের মন্তব্য নিয়ে সংবাদ সম্মেলনও করেন সোশ্যালে আলোচিত হিরো আলম। সেখানে মামুনুর রশীদের উদ্দেশে তিনি বলেন, পারলে আমাকে তৈরি করে দেখান। আর বারবার যদি হিরো আলমকে নিয়ে আপনাদের রুচিতে বাধে তাহলে মেরে ফেলেন হিরো আলমকে।

এদিকে দু’জনের এ মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। নাট্যজন মামুনুর রশীদ ও হিরো আলমও পৃথক মাধ্যমে পৃথকভাবে কথা বলছেন বিষয়টি নিয়ে।

সেই ধারাবাহিকতায় এবার ফেসবুক ভেরিফায়েড পেজে মামুনুর রশীদের ‘রুচির দুর্ভিক্ষ’ নিয়ে ফের মন্তব্য করেন হিরো আলম।

সেখানে তিনি লেখেন, ‘মামুনুর রশিদ স্যার বললেন, হিরো আলম সমাজের জন্য কী ভালো কাজ করেছেন? আমি বলি, আপনি কী ভালো কাজ করেছেন? এটা আমার প্রশ্ন? আর কী এমন কাজ করে মানুষের রুচি পরিবর্তন করেছেন?’

সম্প্রতি অভিনয় শিল্পী সংঘের অনুষ্ঠানে মামুনুর রশীদ বলেন,, ‘আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছি। সেখান থেকেই হিরো আলমের মতো একজন মানুষের উত্থান হয়েছে। এই উত্থান কুরুচি, কুশিক্ষা ও অপসংস্কৃতির উত্থান। এটা যেমন রাজনৈতিক সমস্যা, তেমনি আমাদের সাংস্কৃতিক সমস্যাও।

পরে সংবাদমাধ্যমকে হিরো আলম জানান, তিনি মামুনুর রশীদের এই মন্তব্যে ভীষণ কষ্ট পেয়েছেন। বলেন, ‘তাদের (মামুনুর রশীদ) মতো লোক আমাদের সহযোগিতা না করে ক্ষতির চেষ্টা করছেন। তাকে তো কারও ব্যাপারে বাজে মন্তব্য করার অধিকার দেওয়া হয়নি।’

তিনি বলেন, ‘মামুনুর রশীদ সাহেবের মন্তব্যে শুধু আমার সম্মানহানিই হয়নি, আমি প্রচণ্ড কষ্টও পেয়েছি। এতটাই কষ্ট পেয়েছি যে, আমি নাকি বাংলাদেশের একমাত্র কাঁটা।’ তার মতে, ‘আমি যদি বাংলাদেশের একমাত্র কাঁটা হয়ে থাকি, তাহলে আমার দুনিয়া ছেড়ে চলে যাওয়া উচিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *